চাটমোহর (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৮:১১ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১৮:২১ পিএম
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে বর্তমান প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পাবনার চাটমোহরে মাদকবিরোধী সাইকেল র্যালি ও শপথ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে শিশু-কিশোর, তরুণ শিক্ষার্থীদের নিয়ে চাটমোহর স্টার মোড় থেকে সাইকেল র্যালি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী শপথ। এ সময় বাবা-মায়ের আদেশ মেনে চলাসহ মাদক থেকে দূরে থাকার শপথ নেন অংশগ্রহণকারীরা। সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাইজুল, এসএম আতিকুল আলম, পৌর ছাত্রদলের সদস্যসচিব রবিউল ইসলাম রাহুল, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক হুমায়ুন কবির সোহাগ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম হৃদয়, চাটমোহর পৌর যুবদলের সদস্যসচিব শহিদুল ইসলাম প্রমুখ। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান, সেজান, হাসেম, আল-আমীন, নয়ন, রাহুল, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুম আকাশ, সজিব প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।