চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ১৩:৩৩ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ১৩:৩৫ পিএম
চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের লালখান বাজারমুখী লেনের ইপিজেড থানার ফ্রিপোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।
পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে মোটরসাইকেলে করে ফেরার পথে এ ঘটনা ঘটে।
পিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মো. মোক্তার ও মো. রুবেল। তারা নগরের সদরঘাট এলাকার বাসিন্দা। পেশায় ট্রাকচালক তারা।
পুলিশ জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। এক্সপ্রেসওয়ের লালখান বাজারমুখী লেনের ইপিজেড থানার ফ্রিপোর্ট এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটির সঙ্গে ধাক্কা লাগে বাইকটি। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
জানা যায়, টোল প্লাজা প্রস্তুত না হওয়ায় পুরোপুরি চালু হয়নি চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে ৫ আগস্টের পর থেকে এতে অবাধে যান চলাচল করছে। যদিও এ রুটে সিএনজিচালিত অটোরিকশাসহ মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবুও প্রতি রাতেই এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস চলে বলে খবর পাওয়া যায়।