সাভার (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ২০:০০ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ২০:১০ পিএম
সাভারে ন্যাশনাল ব্যাংকের একটি শাখায় জমানো টাকা তুলতে না পেরে কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সাভারের বাজার রোডে অবস্থিত ব্যাংকটির শাখায় অর্ধশতাধিক গ্রাহক এই বিক্ষোভ করেন।
বিক্ষুব্ধ গ্রাহকরা বলেন, আমরা আমাদের পরিশ্রমের জমানো টাকা ব্যাংকে আমানত হিসেবে রেখেছি। কিন্তু বর্তমানে আমাদের জমানো টাকা উত্তোলনের জন্য চেক দিলে আমাদের চাহিদা অনুযায়ী টাকা দিচ্ছে না। ১ লাখ টাকার চেক দিলে ব্যাংক থেকে অনুরোধ করে ১০ হাজার টাকা দেওয়া হয়। নিজেদের অর্থ ফেরত পেতে গ্রাহকরা এখন অনিশ্চয়তায় ভুগছেন বলে জানান। এ সময় তারা সরকার ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে জমানো আমানত ফেরত পাওয়ার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
গ্রাহকদের অভিযোগ, অতিরিক্ত পরিমাণ ঋণ পাস করে সে পরিমাণ অর্থ আদায় করতে না পারায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। তারা সঠিকভাবে ব্যাংক পরিচালনা করেননি। তাই কেউ স্বেচ্ছায় ঝুঁকি নিয়ে এ শাখায় টাকা জমা রাখছে না। তাদের প্রতি ভরসা উঠে গেছে। বিপাশা ইয়াসমিন নামের এক ভুক্তভোগী গ্রাহক অভিযোগ করে বলেন, আমি হজ করতে যাব বলে টাকা জমিয়েছিলাম। কিন্ত সেই টাকা আমি তুলতে পারছি না। এ ছাড়া আমার স্বামীর বেতন হয় এ অ্যাকাউন্টে । বর্তমানে অনেকটাই অসহায়। ছেলে মেয়েদের বেতন, বাসা ভাড়া, বাজারের টাকা পর্যন্ত ধার করে নিয়ে চলতে হচ্ছে। তিনি বলেন, গত দুই মাস ধরে ঘুরে ঘুরে মাত্র ১০ হাজার টাকা দিতে পেরেছে। পরের সপ্তাহ বলে বলে দিন কাটাচ্ছে।
এ ব্যাপারে ন্যাশনাল ব্যাংকের সাভার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হাসিনুর রহমান বলেন, একসময় ন্যাশনাল ব্যাংকের সুনাম ছিল। কিন্তু গত দুই-তিন বছর ধরে এই ব্যাংক নিয়ে নানা রকমের গুজব ছড়িয়েছে। এ ছাড়া কিছু দিন আগে এক উপদেষ্টা কয়েকটি ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে বলে মন্তব্য করেন। এতে ব্যাংকের গ্রাহকরা একসঙ্গে ব্যাংক থেকে টাকা তুলতে শুরু করেন। কিন্তু কোনো গ্রাহক ব্যাংকে টাকা জমা না রাখায় এ সংকট দেখা দিয়েছে।