বগুড়া অফিস
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪ ১৮:৪৮ পিএম
‘দেশকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। তা মোকাবিলায় রাজনৈতিক সরকার প্রয়োজন। তাই যতটুকু সংস্কার প্রয়োজন তা দ্রুত শেষ করুন। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। এক্ষেত্রে যত বিলম্ব করবেন ততই বিতর্কিত হবেন।’
বুধবার (৬ নভেম্বর) বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় জুলাই-আগস্ট বিপ্লবে নিখোঁজ ও আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর কেন্দ্রীয় আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকায় নিখোঁজ গার্মেন্টস কর্মী মনিরুজ্জামানের স্ত্রীসহ আহত আরও আট পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়। তারা হলেনÑ শহরের চেলোপাড়া এলাকার রাজঘোষ রাতুল, গোয়ালগাড়ি এলাকার মেহেদী হাসান, সাবগ্রাম আকাশতারার আব্দুল মজিদ, নাটাইপাড়ার আদিব হাসান, বৃন্দানপাড়ার নূর মোহাম্মদ, কাটনারপাড়ার আব্দুল আলিম, সারিয়াকান্দির স্বপন ও নয়ন শেখ।
আতিকুর রহমান রুমন বলেন, ‘বিএনপি যদি উচ্ছৃঙ্খল দল হতো তাহলে রাষ্ট্রপতি ইস্যুসহ সম্প্রতি অনেক ঘটনা নিয়ে যে চক্রান্ত হয়েছে, অন্য কোনো দল হলে এসব ঘটনায় উস্কানি দিত। কিন্তু বিএনপি তা করেনি, বরং সুন্দর সমাধান চেয়েছে।’
তিনি বলেন, ‘তথাকথিত সেই প্রধানমন্ত্রী ও নেত্রী হুমকি-ধমকি দিচ্ছেন। তাদের দোসররা আমাদের আশপাশে লুকিয়ে থেকে আমাদের ক্ষতি করছে। সম্প্রতি নরসিংদীতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সমন্বয়ককে কুপিয়ে হত্যা করেছে। আমাদের কাছে খবর আছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও ফোনে হুমকি-ধমকি দিচ্ছে। আর প্রকাশ্যে হুমকি-ধমকি দিচ্ছে ওই দলটির নেতারা। তারা বলে বেড়াচ্ছে এই স্বাধীনতা নাকি বেশি দিন থাকবে না। তাদের হুমকির জবাবে বলতে চাইÑ আমরাও বিএনপি বসে থাকব না। আমরাও মোকাবিলার জন্য প্রস্তুত আছি। আমাদের হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না। ১৭ বছরে ব্যাংকিং সেক্টরসহ সব প্রতিষ্ঠানকেই ধ্বংস করা হয়েছে। সব লুট করে বিদেশে টাকার পাহাড় গড়েছে, সম্পদ করেছে। এসব ঘটনার বিচার হতে হবে।’
আতিকুর রহমান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমরা থেমে থাকব না, আমরা বারবার আসব, আপনাদের সুখে-দুখে পাশে থাকব।’
সহায়তা প্রদান অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনাসহ অন্য নেতারা বক্তৃতা করেন।