বগুড়া অফিস
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ২২:৩৯ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪ ২২:৪০ পিএম
প্রতীকী ছবি
বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ৷ এর আগে সকালে গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মুকুল মন্ডল। তিনি ওই গ্রামের আব্দুল বাছেদ মন্ডলের ছেলে। এছাড়াও নিহতের মা, বাবা, ভাই সহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, মুকুল মন্ডলের সঙ্গে দীর্ঘ ধরে একই গ্রামের আনোয়ারুল ইসলাম মাষ্টারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকাল ৮ টায় দেশিয় বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ করেই আনোয়ারুল ইসলাম, তার ভাই ভাতিজা সহ ৬/৭ জনের একদল লোক মুকুল মন্ডলের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় মুকুল মন্ডল, তার বাবা আব্দুল বাছেদ অফিস মন্ডল, ভাই আব্দুল মোমিন মন্ডল ও মা সহ চারজনকে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। গ্রামবাসী আহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকালে মুকুল মন্ডলের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।