মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১৫:৪৬ পিএম
সংঘর্ষে আাহতরা। প্রবা ফটো
গ্রামের বসতবাড়ির পাশে মুরগির খামারের দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় দুই গ্রুপের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভাঙচুর করা হয়েছে বাড়িঘর এবং লুট করা হয়েছে দোকানপাটের মালামাল।
আহতরা হলেন-রিফাত, জিহাদ, মাহমুদ, আকিদুল, রাসেল, রনি, ইমামসহ আরও অনেকে। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালিয়াডাঙ্গা গ্রামের স্থানীয় বাসিন্দা আরমান হোসেন বলেন, ব্যবসায়ী শামীম দীর্ঘদিন ধরে গ্রামের ভিতর বসতবাড়ির পাশে প্রভাব খাটিয়ে বেশ কয়েকটি মুরগির খামার গড়ে তুলেছেন। এতে প্রচন্ড দুর্গন্ধ আশপাশে ছড়িয়ে পড়ে। মুরগির দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামবাসী। সামাজিকভাবে বহু গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়েও কোনও সমাধান হয়নি। মুরগি ব্যবসায়ীকে একাধিকবার মৌখিকভাবে গন্ধ নিবারণ করার কথা বললেও তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি। যার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বালিয়াডাঙ্গা পশ্চিমপাড়া মোড় এলাকায় পূর্বপরিকল্পনা অনুযায়ী শামীম ও তার লোকজন অতর্কিত গ্রামবাসীর উপর হামলা করে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
২৫০ শয্যায় সদর হাসপাতালে চিকিৎসক অমর প্রসাদ বলেন, দুপুরে সংঘর্ষে আহত ৩০ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধিকাংশ আহত রোগীর শরীরে ধারালো অস্ত্রের জখম ও লাঠির আঘাত রয়েছে। তবে তারা শঙ্কামুক্ত।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, দুপুরে বালিয়াডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামে ব্যবসায়ী শামীম ও গ্রামবাসীর মধ্যে মুরগির খামারের দুর্গন্ধ ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের লোক আহত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।