× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ বছর পর দিনাজপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসছেন

দিনাজপুর সংবাদদাতা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২ ১৫:০১ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২২ ১৫:৫৪ পিএম

১০ বছর পর দিনাজপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসছেন

প্রায় ১০ বছর পর সোমবার (২৮ নভেম্বর) হতে যাচ্ছে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ নিয়ে উৎসবের আমেজে রয়েছেন দলের নেতাকর্মীরা। নতুন নেতৃত্বে কারা আসছেন তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। দলের একটি সূত্র দাবি করেছে, নেতৃত্ব নিয়ে জটিলতার কারণে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্মেলনের প্রথমার্ধেই বক্তৃতা দিয়ে চলে যাবেন।

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে হতে যাওয়া জেলা সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। বরেণ্য অতিথি হিসেবে থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান। প্রধান বক্তা হিসেবে থাকবেন যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

২০১২ সালের ২৩ ডিসেম্বর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারকে সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এরপর ২০১৪ সালের ১৪ অক্টোবর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন তৎকালীন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী বলেন, ‘আমরা সব আয়োজন শেষ করেছি। আশা করি, একটি সুন্দর সম্মেলন উপহার দিতে পারব। এ সম্মেলনের মধ্য দিয়ে একটি স্বচ্ছ নেতৃত্ব আসবে।’

আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন, দুর্দিনে প্রতিকূল পরিস্থিতিতে যারা সংগঠনের হাল ধরেছেন, জেল-জুলুম সহ্য করে সংগঠনের কার্যক্রম চালিয়ে নিয়ে গেছেন, যাদের পরিচ্ছন্ন ভাবমূর্তি তাদেরই নতুন নেতৃত্বে আসা উচিত।

জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি-সম্পাদক পদে বর্তমান জেলা আওয়ামী লীগের নেতারা ছাড়াও উপজেলা ও শহর আওয়ামী লীগের সাবেক কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। তারা এবারের কমিটিতে চমকের প্রত্যাশায় আছেন। কেন্দ্র থেকে তাদের জানানো হয়েছে, বিতর্কিত কাউকে এবার পদ দেওয়া হবে না।

দলের নেতাকর্মীরা জানিয়েছেন, সম্মেলন ঘিরে সভাপতি ও সম্পাদক পদে ২০ জনের বেশি নেতা প্রচারে ব্যস্ত সময় পার করছেন।

এদের মধ্যে সভাপতি পদের জন্য জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার, সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বর্তমান সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীর নাম আলোচনায় রয়েছে।

সাধারণ সম্পাদকের পদ পেতে তৎপর নেতাদের মধ্যে রয়েছেনজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তহিদুল হক সরকার, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-৬ ( হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট ও বিরামপুর) আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক হোসেন, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু এবং আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবেও অনেকের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজব ও সাবেক ছাত্রনেতা শাহজাহান নভেল অন্যতম।

দলের একাধিক নেতাকর্মী জানিয়েছেন, এবার কোনো প্যানেল না থাকায় জেলা আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচন নিয়ে জটিলতা বাড়ছে। এ কারণে অনুষ্ঠানের প্রধান অতিথি ওবায়দুল কাদের প্রথমার্ধেই বক্তৃতা দিয়ে চলে যাবেন।

তবে দলের অন্য একটি সূত্র দাবি করেছে, একই দিনে সম্মেলন থাকায় প্রধান অতিথি ওবায়দুল কাদের হেলিকপ্টারে সম্মেলনে যোগ দেবেন। বক্তৃতা শেষে তিনি ওই হেলিকপ্টারেই জামালপুরে ফিরে সম্মেলনে যোগ দেবেন।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সম্মেলন উপকমিটির প্রচার বিভাগের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক কামরুল হুদা হেলাল বলেন, ‘জেলার ১৩ উপজেলা ও দিনাজপুর পৌরসভা—এ ১৪ ইউনিট ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মিলে সর্বমোট ৪৭৭ জন কাউন্সিলর সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া আরও ৫০০ ডেলিগেট সম্মেলনে অংশ নেবেন। নির্বাচনের পরিবর্তে মনোনয়নের মাধ্যমে কমিটি গঠনের সম্ভাবনাই বেশি।’

সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সংসদ সদস্য মো. শিবলী সাদিক, সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম, কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া এবং সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমি।

সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা