নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২১:২৯ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২১:৫৭ পিএম
নওগাঁর বদলগাছীতে ছিনতাই ও দস্যুতা চক্রের মূল হোতাসহ তিনজনকে আটক করেছে র্যাব। গত শুক্রবার রাতে উপজেলার দুধকুড়ি নামক এলাকায় ইজিবাইক ছিনতাইকালে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার খাদাইল গ্রামের হেলাল হোসেন, নন্দাহার গ্রামের হেলাল উদ্দিন ও আদমদীঘির ছাতনী গ্রামের কালাম তালুকদার। এ সময় আবু হাসান নামে একজন পালিয়ে যান। তারা চালক খলিলুর রহমানকে রশি দিয়ে বেঁধে ইজিবাইক নিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে র্যাবের টহল দল তাদের আটক করে।
শনিবার র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক হেলাল হোসেন নওগাঁ ও জয়পুরহাট জেলার দস্যুতা চক্রের
মূল হোতা। শুক্রবার রাতে দুধকুড়ি নামক এলাকায় একটি ইজিবাইকে যাত্রীবেশে ওঠে হেলালসহ
সহযোগীরা। তারা চালক খলিলুর রহমানকে ছোরার ভয় দেখিয়ে ইজিবাইকটি ছিনিয়ে নেয়। চালককে
বেঁধে রাস্তার পাশে ধানক্ষেতে ফেলে দেয়। পরে খলিলুর রহমানের ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলের
আশপাশে চারজনকে ঘিরে ফেলে। খবর পেয়ে র্যাব তাদের আটক করে ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার
করা হয়েছে। এ ছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত রশি ও চারটি ছোরাও জব্দ করা হয়।