রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ২০:৩৩ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ২০:৩৯ পিএম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সালমা আক্তার নামে এক স্বামী পরিত্যক্তা নারীর গলায় ওড়না মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) সকালে বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামের একটি লেবুবাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সালমা আক্তার ওই গ্রামের সৈয়দ আলী মণ্ডলের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে, দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে গাছে বেঁধে রেখেছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন।
স্থানীয়রা জানায়, সালমা আক্তারের সঙ্গে একই গ্রামের আকামুদ্দিন সরদারের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ৬-৭ মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। শুক্রবার রাতের কোনো একসময় সালমা আক্তারকে লেবুবাগানে নিয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।