× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নব্যফ্যাসিবাদ মাথাচাড়া দিতে চাইলে তাদেরও রুখে দিতে হবে : ভিপি নুর

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৮:৪৬ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৯:০১ পিএম

নব্যফ্যাসিবাদ মাথাচাড়া দিতে চাইলে তাদেরও রুখে দিতে হবে : ভিপি নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু তাদের যে সমস্ত কর্মকাণ্ড চলত, এখন কিছু ব্যক্তি সংগঠন ওই সব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। এটা কোনো রাজনৈতিক সরকার না, কাজেই কোনো রাজনৈতিক দলের মাতব্বারি-বাহাদুরি করার কোনো সুযোগ নাই। নব্যফ্যাসিবাদ মাথাচাড়া দিতে চাইলে তাদেরও রুখে দিতে হবে।’

শনিবার (২ নভেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলার বিশ্বরোড ঈদগা মাঠে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘ফ্যাসিবাদের জননী দেশ ছেড়ে পালিয়েছে। এই ফ্যাসিবাদের পতন ঘটানো সহজ কাজ ছিল না। গত দেড় দশকে রাজনৈতিক আন্দোলন সংগ্রামে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে, কারাগারে গিয়েছে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় ২ হাজার মানুষ জীবন দিয়েছে। হাজার হাজার মানুষ ফ্যাসিবাদী হাসিনাকে হটাতে গিয়ে আহত হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে। গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করতে গিয়ে রক্তাক্ত হয়েছে, তারপরও ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপস করেনি।’

তিনি আরও বলেন, ‘আমরা এক ফ্যাসিবাদ হটিয়ে আরেক ফ্যাসিবাদ দেশে আনতে চাই না। এক স্বৈরাচারী দলকে হটিয়ে আবার কোনো স্বৈরাচারী দলকে ক্ষমতায় দেখতে চাই না। এ দেশে জনগণ গত পাঁচ দশকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করতে গিয়ে অনেক রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে। জুলাই অভ্যুত্থান হলো জনগণের শেষ রক্ত দেওয়া, এ দেশের জনগণ আর কোনো রক্ত দেবে না। এবার জনগণ জনআকাঙ্ক্ষার বলে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।’

তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, ‘কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে গোলাম হয়ে কাজ করবেন না। যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে পিরিতি করে প্রশাসন চালান, তাদের জায়গা প্রশাসনে হবে না। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আছেন, এখন কোনো রাজনৈতিক সরকার না, কাজেই এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে জনকল্যাণমূলক কাজ করবেন।’

পথসভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সানি, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ। গণঅধিকার পরিষদ দাউদকান্দি উপজেলা শাখা এই পথসভার আয়োজন করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা