চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪ ১৮:২৩ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪ ১৯:১৬ পিএম
প্রতীকী ছবি।
কক্সবাজারের চকরিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড অলির বাপের পাড়া জামে মসজিদের পুকুরে এই ঘটনা ঘটে।
তাদের একজনকে সোয়া একটার দিকে ও আরেকজনকে দুটার দিকে উদ্ধার করে নামাজ পড়তে যাওয়া মুসল্লি ও পাড়ার লোকজন।
দুই শিশু হলো- ওই এলাকার স্বপন মিয়ার ছেলে ও সিকদারপাড়া জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র শাহাদাত হোসেন সামির এবং একই এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে ও সাহারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র মো. আল ফয়েজ মিশকাত।
অলির বাপের পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কাদের জানান, দুপুর ১২টার দিকে দুই শিশু মসজিদের পুকুরে গোসল করতে নামে। পরে জোহরের আজান হলে মুসল্লিরা অজু করতে পুকুরে যায়। পুকুরের ঘাটে কাপড় দেখা গেলেও কাউকে দেখা না যাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে সোয়া ১টার দিকে শিশু সামিরের মাথা দেখতে পায় তারা। এ সময় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে আরও এক শিশুর সন্ধান না পাওয়ায় পুকুরে জাল ফেলে দুপুর ২টার মিশকাতের মরদেহ উদ্ধার করা হয়।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সামিরের মা-বাবা দুজনই চট্টগ্রামে গার্মেন্টেসে চাকরি করতেন। সে সুবাদে নানির কাছে থেকে সে মাদ্রাসায় পড়ালেখা করতো। নানিকেই সে মা সম্মোধন করতো।
এদিকে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারে চলছে আহাজারি।