সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ২০:১৬ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ২০:২১ পিএম
সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খালটি দখলমুক্ত ও পরিচ্ছন্ন করতে উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। জেলার উত্তর-দক্ষিণ ১৪ কিলোমিটার দীর্ঘ খালটি শহরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহু বছর ধরে দখল ও দূষণের শিকার হয়েছে খালটি।
শুক্রবার (১ নভেম্বর) বিশ্ব যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ খালটি দখলমুক্ত ও পরিষ্কার অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা একযোগে এই অভিযানে অংশগ্রহণ করেন। সকলে খালের দুই পাশের অবৈধ স্থাপনা অপসারণসহ খাল থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘প্রাণসায়ের খাল আমাদের শহরের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই মিলে খালটি দখলমুক্ত ও পরিষ্কার করতে পারলে এটি আমাদের শহরের সৌন্দর্য বাড়াবে এবং পরিবেশের জন্যও উপকারী হবে।’
তিনি আরও বলেন, ‘এই অভিযান শুধু আজকের জন্য নয়, আমরা নিয়মিতভাবে খালটি পরিষ্কার রাখার উদ্যোগ গ্রহণ করব। যারা অবৈধভাবে পুনরায় স্থাপনা নির্মাণ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল নাগরিকের এ বিষয়ে সচেতন ও সহযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি।’
সাতক্ষীরার প্রাণসায়ের খাল দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখার এই মহতী উদ্যোগে সকলের সম্মিলিত প্রচেষ্টা আগামী দিনে শহরের পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদী সুশীল সমাজের নেতারা।