নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ২০:০৩ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ২০:১০ পিএম
নোয়াখালীর সোনাইমুড়ীতে ২৭০ বোতল ফেনসিডিলসহ ২ পেশাদার মাদককারবারিকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১-এর সদস্যরা। তারা ফেনী ও কুমিল্লা জেলার সীমান্ত থেকে ফেনসিডিল এনে নোয়াখালীতে পাইকারি-খুচরা বিক্রি করত বলে জানায় র্যাব।
শুক্রবার (১ নভেম্বর) জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়। এর আগে একই দিন ভোরে সোনাইমুড়ীর বারগাঁও ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের নতুন কাজীবাড়ির মো. ইসমাইল হোসেন ও সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মতু মিয়া রহমানের নতুন বাড়ির মো. হাসান।
র্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন যাবৎ ফেনী ও কুমিল্লা জেলা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ও বিদেশি মদ সংগ্রহ করে নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গতকাল তাদের গ্রেপ্তার করা হয়।
কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ বলেন, আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয়ে জড়িত। গ্রেপ্তারের পর তাদের সোনাইমুড়ী মডেল থানার মাধ্যমে জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে প্রেরণ করেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।