চট্টগ্রাম অফিস ও ফটিকছড়ি প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪ ২০:০২ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪ ২০:০৯ পিএম
‘রাষ্ট্রের অল্প কিছু সংস্কার বাকি রয়েছে। যেগুলো সংস্কার হলে দেশে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে।’ শুক্রবার (১ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষকের চাকরির অভাব নেই। আমি শিক্ষা উপদেষ্টাকে বলেছি, যাতে প্রাথমিকের ধর্মীয় শিক্ষক পদে আলিয়ার মতো কওমি অঙ্গনের ছাত্ররাও এ পেশায় আসতে পারে।
ড. খালিদ আরও বলেন, যত তাড়াতাড়ি সম্ভব রাষ্ট্রের সংস্কার করে একটি নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা দিয়ে যেতে চায়। মাঝখানে যদি আমরা ব্যর্থ হয়ে যায়Ñ এ রাষ্ট্রের ওপর দুর্যোগ নেমে আসবে, যা সামাল দেওয়া এ জাতির জন্য কঠিন হবে।
হেফাজতে ইসলামের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, এ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে।
এদিকে ইমামদের ইমামতির পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দিয়েছেন ধর্ম উপদেষ্টা। গতকাল পাহাড়তলীস্থ ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ইমাম প্রশিক্ষণ কোর্সের দলে প্রশিক্ষণার্থী ইমামদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান।
মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টা বলেন, সারা দেশে আটটা সেন্টারের মাধ্যমে ইমামদের প্রশিক্ষণ দেওয়া হয়। অবক্ষয়মুক্ত সমাজ, ধর্মীয় অনুশাসন ও মানুষকে জনসম্পদে রূপান্তর করতে ইমামদের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই ইমামরা সঠিকভাবে প্রশিক্ষিত হলে আর্থসামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখা সম্ভব হবে।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকে ইমামদের বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, কোরআন তাফসির, হাদিস, আকায়েদ, ফতোয়া, ইসলাম উত্তরাধিকার আইন ইত্যাদি বিষয়ে শিক্ষা দিয়ে আসছে। ইমামদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য ব্যবসায়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারে, তার জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে। ব্যবসার জন্য আর্থিক সহায়তা লাগলে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে ক্ষুদ্র ঋণসহায়তা প্রদান করা হবে, শুধু কিস্তি আকারে ধাপে ধাপে পরিশোধ করবেন।