লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ২০:৪৯ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ২১:০৬ পিএম
লালমনিরহাট লোহাকুচি বিওপির সীমান্ত এলাকায় ২৯৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে জেলার কালীগঞ্জ উপজেলার লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি-এর অধীনস্থ লোহাকুচি বিওপি সীমান্তের মালগড়া নামক স্থানে অভিযান চালিয়ে এসব ফেনসিডিলসহ পিকআপ ভ্যানটি আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি-এর অধীনস্থ লোহাকুচি বিওপি সীমান্তের মালগড়া নামক এলাকার সীমান্তের মেইন পিলার ৯১৮ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক পাচারকারীদের একটি পিকআপ ভ্যান আটক করা হয়। এ সময় টহল দলকে দেখতে পেয়ে চোরাকারবারিরা পিকআপ ভ্যানটি রেখে পালিয়ে যায়। পরে পিকআপ ভ্যানটি তল্লাশি করে এর ভেতরে থাকা ২৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পালিয়ে যাওয়া তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে জব্দ করা ২৯৫ বোতল ফেনসিডিল এবং পিকআপ ভ্যান হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন বলে জানান ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোফাজ্জল হোসেন আকন্দ।