সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১৪:১৫ পিএম
আইফোন-১১ ও কিছু টাকার জন্য মঙ্গলবার (২৯ অক্টোবর) সুনামগঞ্জ শহরের হাছননগরে নিজের বাসায় নৃশংসভাবে খুন হন ফরিদা বেগম ও তার ছেলে মিনহাজুল ইসলাম। ঘটনার একদিন পর ঘাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সংবাদ সম্মেলনে এমন জানিয়েছেন পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, একসপ্তাহ আগে দুই বন্ধু পরিকল্পনা করেন খালাতো ভাই মিনহাজের আইফোন এগারো ও কিছু টাকা চুরি করে পার্টির আয়োজন করবে তারা। কিন্তু বাসায় আত্মীয়-স্বজন থাকায় চুরি করা সম্ভব হচ্ছিলো না। মঙ্গলবার রাতে বাসা খালি থাকায়, শেষ রাতে মাদ্রাসা পড়ুয়া নিহত মিনহাজের খালাতো ভাই তার বন্ধুকে বাসায় ডাকেন। পরে দুই বন্ধু মিনহাজের রুমে ডুকে ফোন চুরি করার সময় টের পায় মিনহাজ। দস্তাদস্তির একপর্যায়ে বটি দিয়ে আঘাত করে মিনহাজকে। হট্টগোলের আওয়াজ পেয়ে পাশের রুম থেকে মা এলে তাকেও বটি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই ফরিদা বেগম ও তার কলেজ পড়ুয়া ছেলে মিনহাজুল ইসলাম মারা যায়।
আফম আনোয়ার হোসেন খান বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ দ্রুত অপরাধীকে সনাক্ত করে ঢাকা থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তার এক বন্ধুকে নিয়ে হত্যাকাণ্ডটি সংগঠিত করে। তারা দুজনেই শহরের একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আরেক জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়াও এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটি নিয়ে তদন্ত চলছে।