সাভার প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১৪:০৫ পিএম
গ্রেপ্তার ডাকাতরা ও উদ্ধার ডিম বহনকারী পিকআপ ভ্যান। প্রবা ফটো
আশুলিয়ায় ডিম বহনকারী পিকআপ ভ্যান ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় ডাকাতি হওয়া পিকআপসহ ২৮ হাজার ৮০০ ডিম উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩১অক্টোবর) দুপুর ১২ টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। এর আগে বুধবার (৩০ অক্টোবর) আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ডাকাতি করা পিকআপটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা হলেন- জামালপুর জেলা সদরের কচুনদরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রহমান ফকির, সিরাজগঞ্জের চৌহালী থানার শৈলজানা গ্রামের আজগর আলী বেপারীর ছেলে মো. মনির বেপারী, গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার ছোট ভগবানপুর গ্রামের মৃত নুরুল আকন্দের ছেলে মো. শাহীন আকন্দ, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার শেরপুর গ্রামের মৃত আনিসুর সোনারের ছেলে মো. সজিব জয় সোনার, একই এলাকার চক ভাগবানপুর গ্রামের মোহাম্মদ আলী সরকারের ছেলে মো. সফি সরকার ও ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার কাঠালিয়া গ্রামের সাহেব আলী হাওলাদারের ছেলে মো. বাবুল মিয়া। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে ওসি আবু বকর সিদ্দিক বলেন, সম্প্রতি দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। ফলে ডাকাতি ও লুটপাট বেড়েছে। আমরা এ দিকটায় নজড় দিয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজসহ গত এক সপ্তাহে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ মোট ১৬ জন ডাকাত গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, গত ২৯ অক্টোবর ভুক্তভোগী মনির হোসেন টাঙ্গাইল এলাকা থেকে একটি পিকআপে মোট ২৮ হাজার ৮০০ ডিম লোড করে মিরপুর-১৪ নম্বর ক্যান্টনমেন্ট এলাকার উদ্দেশ্যে চালক ও হেলপারের মাধ্যমে পাঠিয়ে দেন। তারা ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর সেনা অডিটোরিয়ামের সামনে পৌঁছলে পিকআপটি লক্ষ্য করে ইটের ঢিল ছুড়ে চালক ও হেলপারের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরে পিকআপ থামিয়ে দেশীয় অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে গাড়ীর চালক ও হেলপারকে মারপিট করে পিকআপ থেকে তাদের নামিয়ে দেয়। পরবর্তীতে ডাকাতরা ডিম ভর্তি পিকআপ নিয়ে আরিচার দিকে চলে যায়। পরে আবার তারা আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় এসে মো. বাবুল মিয়ার কাছে ডিমগুলো বিক্রি করেন।
তিনি আরও বলেন, ঘটনার দিন ভুক্তভোগী মনির হোসেন আশুলিয়া থানায় এসে মৌখিক অভিযোগ দিলে তৎক্ষনাৎ একটি তদন্ত টিম গঠন করে অভিযানে পাঠানো হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৩০ অক্টোবর সকাল সাড়ে ৭ টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ীর আশুতোষ মন্ডলের মার্কেটের সামনে থেকে আব্দুর রহমান ফকির ও মো. মনির হোসেন নামের দুই বেপারীকে আটক করে লুণ্ঠিত ডিম উদ্ধার করে পুলিশ। পরে আটক দুইজনের দেওয়া তথ্যমতে বাকি চারজনকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ডাকাত দলের ছয় সদস্যকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।