যশোর প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ১৩:৫৫ পিএম
প্রতীকী ছবি
যশোরে ভাড়াটিয়ার হাতে এক নারী ঘর মালিক হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে ভাড়াটিয়ার ঘর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করেছেন যশোর কোতোয়ালী থানা পুলিশ।
নিহত নারীর নাম শাহানারা বেগম ওরফে ছানা। তিনি যশোর সদর উপজেলার শেখহাটি আদর্শ পাড়া এলাকার আতিয়ার রহমানের স্ত্রী।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, তার স্বামী আতিয়ার রহমান পেশায় একজন ইজিবাইক চালক। গতকাল সকালে শাহানারা বেগম ওরফে ছানা তার স্বামী আতিয়ারের ইজিবাইকে করে চিকিৎসার জন্য ডায়াবেটিস হাসপাতালে যান। সেখান থেকে ফেরেন দুপুরে। এরপর খাওয়া দাওয়া করে স্বামী আতিয়ার ইজিবাইক চালাতে বাইরে বের হয়ে যান। রাতে বাড়িতে এসে স্ত্রীকে না পেয়ে আশেপাশের বাড়িতে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। সকালে ভাড়াটিয়া বাবলার তালা বদ্ধ ঘরে উঁকি দিয়ে রক্তাক্ত কাপড় দেখতে পান। পরে ট্রিপল নাইনে পুলিশকে খবর দিলে সকাল সাড়ে ১০ টার দিকে যশোর কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা আরও জানায়, ভাড়াটিয়া বাবলা একজন মাদকাসেবী। মাস তিনেক আগে ওই নারীর টিনশেড বাড়ি ভাড়া নিয়ে সপরিবারে থেকে রাজমিস্ত্রির জোগাড়সহ বিভিন্ন ধরনের কাজ করতেন। মাদকাসেবী হওয়ায় তার ঘরে বিভিন্ন সময় লোকজনে যাতায়াত ছিল। বিষয়টি নিয়ে বাড়ির মালিক সানোয়ারা বেগম ছানার সঙ্গে তার কয়েকবার গোলযোগ হয়েছে। এমনকি ওই নারী ১ অক্টোবরের মধ্যে তার বাড়ি ছেড়ে দেওয়ার ও নির্দেশ দিয়েছেন।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, ট্রিপল নাইন এর মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি ভাড়া নিয়ে ও বাসা ছেড়ে দেয়ার বিষয়ে ওই মহিলার সঙ্গে বাবলার কথা কাটাকাটি হয়। তার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে অন্য কোন ঘটনা আছে কিনা, এ বিষয়ে পুলিশের একটি টিম তদন্তের জন্য মাঠে রয়েছে এবং আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।