পটুয়াখালী সংবাদদাতা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২ ১৯:৫৮ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২২ ২০:২১ পিএম
পটুয়াখালীতে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
সমুদ্রের বুকে জেগে ওঠা চর থেকে আরেকটি বাংলাদেশ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সমুদ্রের বুকে নতুন নতুন চর জেগে আরেকটি বাংলাদেশ তৈরি হচ্ছে। সমুদ্রের সুনীল অর্থনীতি বাংলাদেশকে ধনী দেশে পরিণত করবে।’
শুক্রবার (২৫ নভেম্বর) পটুয়াখালীর রাঙ্গাবালীতে ‘চরাঞ্চলের উন্নয়নে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সমুদ্র বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরে খালিদ মাহমুদ বলেন, ‘একটা সময় সমুদ্রে আমাদের কোনো অধিকার ছিলো না। সমুদ্র যেতে হলে ভারত ও মিয়ানমারের অনুমতি নিয়ে যেতে হতো। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমুদ্র জয় করেছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির তলা ফেটে গেছে। কারণ তারা এত অন্যায় আর এত হত্যাকাণ্ড করেছে যে মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ কারণে তারা নির্বাচনে আসতে ভয় পাচ্ছে।’
উপজেলা আওয়ামী লীগ ও রাঙ্গাবালী প্রেস ক্লাবের যৌথ আয়োজনে চর মোন্তাজ মানতা পল্লী মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান মুহিব, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি সিকদার জোবায়ের হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাইদুজ্জামান খান মামুন।