চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১৯:৪৬ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ২০:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। ছাত্রাবাসে অবৈধ প্রবেশ, কক্ষ দখল, মারধর, নিষিদ্ধ থাকার পরও রাজনীতিতে যুক্ত থাকাসহ বিভিন্ন কারণে একাডেমিক কাউন্সিলের সভায় এই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশ করা হয়। সর্বোচ্চ দুই বছর থেকে ছয় মাসের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে তাদের। এ ছাড়া আরও ১১ শিক্ষার্থী ও তাদের অভিভাবককে মুচলেকা দিতে হবে।
শাস্তিপ্রাপ্তদের বেশিরভাগই
সম্প্রতি নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থক। তারা নগর আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর
অনুসারী হিসেবে পরিচিত।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দীন বলেন, ‘দুই মাস আগে মেডিকেল কলেজের
শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ৯ সদস্যের
তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি শিক্ষার্থীদের বক্তব্য, বিভিন্ন গণমাধ্যমের সংবাদ,
বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে। তাদের বিস্তারিত অনুসন্ধান শেষে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া
হয়েছে।’
তিনি জানান, এসব শিক্ষার্থীর
বিরুদ্ধে অন্য শিক্ষার্থীকে মারধর, একাডেমিক কার্যক্রমে বাধা দেওয়া, আবাসিক হলে বিশৃঙ্খলা
তৈরিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সেসব অভিযোগ তদন্ত শেষে যাদের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা
পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
৮৬ জন শিক্ষার্থীর মধ্যে সাতজনকে
দুই বছর, ১৫ জনকে দেড় বছর, ৩৯ জনকে এক বছর এবং ১৪ জনকে ৬ মাসের জন্য বহিষ্কারাদেশ দেওয়া
হয়। ১১ জনের কাছ থেকে অভিভাবক ও নিজের মুচলেকা নেওয়া হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনে সংশ্লিষ্ট
শিক্ষার্থীদের দাবির মুখে গত ১১ সেপ্টেম্বর ছাত্রলীগের এই ৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ
তদন্তে ৯ সদস্যের কমিটি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।