সুনামগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২ ১৮:১৮ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২২ ১৮:৩২ পিএম
সুনামগঞ্জ থেকে চলছে দূরপাল্লার বাস। ছবি : প্রবা
সড়কের ওপর রাখা বাস আটকের প্রতিবাদে সুনামগঞ্জে ডাকা অনির্দিষ্টকালের দূরপাল্লার বাস ধর্মঘট ২৪ ঘণ্টা পর প্রত্যাহার করেছেন পরিবহন নেতারা। জেলা প্রশাসকের আশ্বাসে পরিবহন নেতারা এই সিদ্ধান্ত নেন।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউর করিম এ তথ্য নিশ্চিত করেন।
সেজাউর করিম বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়েজখালী এলাকার সড়ক থেকে শ্যামলী, মামুন ও সাকিল পরিবহনের তিনটি বাস পুলিশ লাইন্সে নিয়ে আটকে রাখে পুলিশ। এ জন্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সুনামগঞ্জে দূরপাল্লার বাস চলাচলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।’
তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে বসেছিলাম। সেখানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। আমরা জানিয়েছি বাস টার্মিনালে লোকাল বাসই রাখার জায়গা হয় না। এর মধ্যে দূরপাল্লার বাস রয়েছে ৮০টির বেশি। এই বাসগুলো টার্মিনালে রাখার কোনো ব্যবস্থা নেই। আমরা বাস টার্মিনালের পুকুর ভরাট করে টার্মিনাল বড় করার দাবি জানিয়েছি। সে দাবি তারা মেনেছেন। বাস টার্মিনাল বড় না করা পর্যন্ত আমরা সড়কের উপর গাড়ি রাখতে পারব বলেও তারা মেনেছেন। তাই পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছি।’
এ বিষয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাস ধর্মঘট নিয়ে পরিবহন নেতাদের সঙ্গে বসেছিলাম। তারা কিছু দাবি জানিয়েছেন। সড়কের শৃঙ্খলা রক্ষা করতে আমরা সেগুলো বাস্তবায়ন করব।’