প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪ ১১:২৫ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪ ১২:১৮ পিএম
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনের শপথ সম্পন্ন হয়েছে। প্রবা ফটো
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের ২০২৫-২৬ সেশনের আমির হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিনের শপথ সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) দলের ঢাকা মহানগরী উত্তরের প্রচার বিভাগের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচিত নগর আমিরের শপথ পড়ান সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এর আগে নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার, দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদের সদস্যরা। পরে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মুজিবুর রহমান।
উল্লেখ্য, ১৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত রুকন সম্মেলনে ১০ হাজার ভোটার ২০২৫-২৬ সেশনের জন্য আমির নির্বাচনে ভোট প্রদান করেন। ২৩ অক্টোবর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান রুকনদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত আমিরের নাম ঘোষণা করেন।