সিলেট অফিস
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ২১:৫৫ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ২২:০১ পিএম
সিলেটে বকেয়া মজুরির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চা-বাগানের শ্রমিকরা। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে এনটিসির মালিকানাধীন লাক্কাতুরা চা-বাগানের শ্রমিকরা নগরীর আম্বরখানা এলাকায় ওসমানী বিমানবন্দর সড়কে অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টা অবরোধ করেন। পরে দুই দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন। এ সময় ব্যস্ততম এই সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়।
শ্রমিকরা জানান, সরকারের ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন ১৮টি চা-বাগানের শ্রমিকরা ছয় সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না। বাধ্য হয়ে বকেয়া মজুরির দাবিতে লাগাতার আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। আন্দোলনের কারণে সাত দিন ধরে অচল হয়ে পড়েছে চা-বাাগান। বন্ধ রয়েছে এসব বাগানের উৎপাদন।
চা-শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, ‘আমাদের দেড় মাসের মজুরি বকেয়া পড়ে আছে। লক্ষাধিক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। কে সরকারে আসল বা গেল তা নিয়ে নিরীহ চা-শ্রমিকদের কিছু আসে-যায় না। আমরা কোনো রাজনীতিতে নেই। আমরা কেবল আমাদের মজুরি চাই। দুই দিনের মধ্যে বকেয়া মজুরি প্রদান করা না হলে ফের আন্দোলনে নামবে শ্রমিকরা।’ আগামী দুই দিন আন্দোলন বন্ধ থাকলেও কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
একাধিক সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ন্যাশনাল টি কোম্পানির তৎকালীন সব পরিচালক পদত্যাগ করেন। এতে কোম্পানিতে অচলাবস্থা দেখা দেয়। বন্ধ হয়ে পড়ে কোম্পানির সব বাগানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও মজুরি। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বাগানশ্রমিকরা। মাত্র ১৭৮ টাকা দৈনিক মজুরিতে কাজ করা শ্রমিকরা ছয় সপ্তাহ ধরে মজুরি না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।
লাক্কাতুরা চা-বাগানের ব্যবস্থাপক আক্তার শহিদ বলেন, ‘বেতন বন্ধ রয়েছে আমাদের সবার। শুধু শ্রমিকরা নয়, আমরা নিজেরাও সমস্যায় আছি। তবে শুনেছি শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।’