রাজশাহী অফিস
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ২০:২৮ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ২০:৫৪ পিএম
আটক জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়াকে মারধর করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। রবিবার (২৭ অক্টোবর) বিকাল পৌনে ৫টার দিকে রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ পিয়াকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।
গ্রেপ্তার জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী। আজ তার ইসলামিক স্ট্যাডিজ তৃতীয়পত্র বিষয়ে পরীক্ষা ছিল।
কলেজ সূত্রে জানা গেছে, রাজশাহী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক পিয়া ডিগ্রি পরীক্ষা দিতে যান। পরীক্ষা চলাকালীন পাশের সিটে বসা শিক্ষার্থীরা পিয়াকে চিনতে পারেন। বিষয়টি জানাজানি হলে সাধারণ ছাত্রীরা ও ছাত্রদলের কর্মীরা একত্রিত হয়ে পরীক্ষার হলের বাইরে পিয়াকে আটক করে পুলিশে দেন।
পিয়াকে পুলিশে নেওয়ার সময় তাকে বলতে শোনা যায়, ‘মুজিব সেনার স্মরণে, ভয় করি না মরণে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ বার বার তিনি একই স্লোগান দেন। পুলিশের পিকআপে ওঠার পরও পিয়া একই স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরক মামলা রয়েছে। এই মামলায় তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠিয়েছেন।