বোয়ালমারী (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৮:৫৬ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৯:১২ পিএম
বোয়ালমারী বিএনপির কার্যালয়ের সামনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন শামসুদ্দিন মিয়া ঝুনু। প্রবা ফটো
ফরিদপুরের বোয়ালমারীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি উদযাপন করেছে যুবদলের তিনটি পক্ষ । এর মধ্য দিয়ে গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে দলটির অভ্যন্তরীণ কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে। তিন ভাগে বিভক্ত হয়ে কর্মসূচি দেওয়ায় বিপাকে পড়েছে দলের কর্মী-সমর্থকরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী বিনামূল্যে
চিকিৎসা, ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচি হাতে নেয় উপজেলা ও পৌর যুবদল। উপজেলা যুবদলের
আহ্বায়ক, সাবেক পৌর কাউন্সিলর মিনাজুর রহমান লিপনের সভাপতিত্বে বোয়ালমারী পৌরসদরের
ওয়াপদা মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন
করেন ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম
সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু।
এ সময় শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা,
তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি
জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী
রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা
করা হয়।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক
সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, সাবেক
পৌর কাউন্সিলর শেখ আতিকুল আলী, বিএনপি নেতা মফিজুল কাদের খান মিল্টন, ছাত্রদলের সাবেক
আহ্বায়ক হোসেন সালেহ রুবেল, যুবদল নেতা কামাল হোসেন, জাসাস সভাপতি শাহিন আনোয়ার, জাসাসের
সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমেদ রাজন, নাজমুল হাসান রিপন প্রমুখ।
অপরদিকে পৌর সদরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় অপর একটি ফ্রি মেডিকেল
ক্যাম্প উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির
সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র আব্দুস শুকুর
শেখ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, জহুর ইকবাল ঠাকুর পিন্টু, জেলা যুবদলের যুগ্ম
সাধারণ সম্পাদক ইমরান হুসাইন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সাবেক
সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মহিবুল হাসান, পৌর
কৃষক দলের আহ্বায়ক বজলুর রশিদ চাঁদ, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন চৌধুরী দুলু, শহীদউদ্দিন
মিয়া দিপু, সিরাজ মৃধা, পিকুল মিয়া প্রমুখ।
এ ছাড়া বেলা ৩টার দিকে পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান মিয়া বকুলের নেতৃত্বে ও মামুন মৃধা মিরাজের সঞ্চালনায় আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আলোচনা সভায় অংশ নেন হোসেন সালেহ প্রিন্স, আনিসুজ্জামান তপু প্রমুখ।