× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুর-৪ আসন

বিএনপির চিঠি নিয়ে তৃণমূলে ক্ষোভ

আমানত উল্যাহ, কমলনগর (লক্ষ্মীপুর)

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৭:৩৭ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৮:০১ পিএম

আ স ম আব্দুর রব (বাঁয়ে) ও এবিএম আশরাফ উদ্দিন নিজান (ডানে)। প্রবা ফটো

আ স ম আব্দুর রব (বাঁয়ে) ও এবিএম আশরাফ উদ্দিন নিজান (ডানে)। প্রবা ফটো

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপির কেন্দ্র থেকে পাঠানো একটি চিঠি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। দুই উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। চলছে নেট দুনিয়ায় সমালোচনার ঝড়।

সূত্র জানায়, গত ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত একটি চিঠি লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক বরাবর প্রেরণ করা হয়। চিঠিতে উল্লেখ করা হয় যেÑ লক্ষ্মীপুর-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবকে তার দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় সহযোগিতা করতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। ওই চিঠিকে জাসদের নেতাকর্মীরা জাতীয় সংসদ নির্বাচনে আ স ম আব্দুর রব ধানের শীষের মনোনয়ন পাচ্ছেন বলে প্রচার করে ফেসবুকে পোস্ট করেন। এতে শুরু হয় দুই পক্ষের তর্ক-বির্তক। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে দেখা দেয় ক্ষোভ-অসন্তোষ। তারা এ আসনে কোনোভাবেই আ স ম আব্দুর রবকে মেনে নিতে চাচ্ছেন না। 

কমলনগর উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ আসনে বিএনপি প্রার্থী হিসেবে সাবেক দুবারের টানা এমপি বিএনপির কেন্দ্রীয় সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানকেই চাচ্ছেন। বিগত ১৬ বছর ধরে এ আসনে বিএনপির নেতাকর্মীদের নামে হামলা-মামলা উপেক্ষা করে তাদের দুর্দিনে পাশে থেকে দলকে সুসংগঠিত করে রেখেছেন আশরাফ উদ্দিন নিজান। 

সূত্র আরও জানায়, ২০১৮ সালের নির্বাচনে আশরাফ উদ্দিন নিজানকে বাদ দিয়ে এ আসনে বিএনপি জোট মনোনয়ন দেয় আ স ম আব্দুর রবকে। ধানের শীষ প্রতীক নিয়ে আব্দুর রব নৌকা প্রতিকের প্রার্থী মেজর (অব.) আব্দুল মান্নানের নিকট হেরে যান। একসময়ের জাসদ বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে। ভোটব্যাংক শূন্যের কোটায়। এ অবস্থায় আ স ম আব্দুর রবকে জিততে হলে বিএনপির মতো বড় দল ছাড়া কোনো উপায় নেই বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে তার বয়স ও সময় বিবেচনা করে আ স ম আব্দুর রব ধানের শীষ নিয়ে লড়লেও জিতে আসাটা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন অনেকেই। 

রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দীন বলেন, ‘এবিএম আশ্রাফ উদ্দিন নিজানকেই এ আসনে ধানের শীষের প্রার্থী চাচ্ছে তৃণমূল। তৃণমূল নেতাকর্মীদের দাবি, আশরাফ উদ্দিন নিজানের বাইরে এ আসনে অন্য কাউকে মনোনয়ন দিলে আসনটি নিশ্চিত হারাতে হবে। কারণ আশরাফ উদ্দিন নিজান একজন জনপ্রিয় নেতা।’ কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের ও সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী একই মন্তব্য করেছেন। 

গত দুই দিন ধরে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়। জাসদকর্মী মো. জিহাদ হোসাইন লিখেছেনÑ লক্ষ্মীপুর-৪ আসন জাসদের হাতে তুলে দিয়েছে বিএনপি। পাল্টা জবাব দিয়ে যুবদল নেতা মোস্তফা সারোয়ার লিখেছেনÑ মুরব্বি, এটা নমিনেশন পেপার নয়, এটা ধুমধাড়াক্কা থেকে বাঁচার প্রেসক্রিপশন। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে কেউ যাতে বাধা সৃষ্টি না করে সেই জন্যই এই প্রেস রিলিজ। সুতরাং দিবাস্বপ্ন দেখা থেকে বিরত থাকুন।

এ ব্যাপারে আ স ম আব্দুর রবের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তার স্ত্রী তানিয়া রব বলেন, বিষয়টি নিয়ে আমরা কোনো তর্কে যেতে চাই না।

বিএনপির সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘চিঠিতে নির্বাচনসংক্রান্ত কোনো শব্দ নেই। শুধুমাত্র নিজ দলের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে যাতে বাধার সম্মুখীন না হয়, সেজন্য বিএনপির নেতাকর্মীদের সহায়তা করতে বলা হয়েছে।’ তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে কয়েকটি দলের নেতাকে চিঠি দিয়েছে। যাদের চিঠি দেওয়া হয়েছে তারা তাদের নির্বাচনী এলাকায় গেলে বিএনপির নেতাকর্মীদের ধাওয়ার মুখে পড়েন। আবার অনেক জায়গায় মারধরের ঘটনাও ঘটে। বিষয়টি তারা বিএনপির হাইকমান্ডকে জানালে বিএনপি চিঠি ইস্যু করে, যাতে বিএনপির কোনো নেতাকর্মী ওইসব দলের কর্মকাণ্ড পরিচালনায় হয়রানি না করে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা