পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১৬:৩৭ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৬:৩৭ পিএম
লায়ন্স ক্লাব অব চট্টগ্রামের ফ্রি চিকিৎসা ক্যাম্প। প্রবা ফটো
কক্সবাজারের পেকুয়ায় একদিনে বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়েছেন পাঁচ হাজারেরও বেশি রোগী। শনিবার (২৬ অক্টোবর) বিকালে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের জমিদার বাড়ি ও রাজাখালী ফৈজুন্নিছা স্কুল অ্যান্ড কলেজে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম আয়োজিত দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পে খৎনা, হার্ডের চিকিৎসা ও চক্ষু চিকিৎসা নেন স্থানীয়রা।
স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্নর কোহিনূর কামাল। এ সময় তিনি মানবতার সেবায় সম্মিলিতভাবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, সমাজে বিত্তশালী অনেকেই আছেন, তবে অসহায় মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর মতো সাদা মনের মানসিকতা সমাজের খুব অল্প মানুষের মধ্যে আছে। পেকুয়া রাজাখালী মিয়ার বাড়ির গিয়াসউদ্দিন ও তার পরিবারের মতো মানুষেরাই সমাজে যাদের ছোঁয়ায় মায়া ছড়ানোর এই মহতী কাজের আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
স্বাস্থ্য ক্যাম্প, খাদ্য ওষুধ ও শিক্ষা উপকরণ বিতরণ এবং সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর একুশে পদকজয়ী ব্যক্তিত্ব দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক, পিডিজি কামরুন মালেক, লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রথম ভাইস জেলা গভর্নর মোসলেহ উদ্দিন আহমেদ অপু, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার রাজিব সিনহা এবং পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা।
দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, যেখানেই মানুষের প্রয়োজন, সেখানেই লায়নেরা সেবার ডালা নিয়ে হাজির হন। আমাদের কাজ হলো মানুষের মুখে হাসি ফোটানো।
এ সময় প্রথম ভাইস জেলা গভর্নর মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম শুধু চট্টগ্রাম নয় বরং সারা বাংলাদেশের লায়নিজমের পথিকৃৎ। বিস্তৃত ও ব্যাপক পরিসরে এ ক্লাবের কাজকর্ম এবং সেবাদানের পদ্ধতি সকল লায়নদের পাথেয় হয়ে থাকবে।
ক্যাম্প চলাকালীন সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন লায়ন ডা. নওশাদ আহমদ খান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আকতার হোসেন এবং ডা. মোবাশ্বেরাতুল জান্নাত। লায়ন্স ক্লাব অব চট্টগ্রামের প্রেসিডেন্ট রেবেকা নাসরীনের সভাপতিত্বে এবং ভাইস প্রেসিডেন্ট ইসমাইল চৌধুরী ও সেক্রেটারি মোহাম্মদ আইয়ুবের পরিচালনায় রাজাখালী ফৈজুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয় ও কলেজ, রাজাখালী ফৈজুন্নেচ্ছা প্রাথমিক বিদ্যালয়, রাজাখালী বিইউআই কামিল মাস্টার্স মাদরাসা এবং মিয়ার বাড়ি প্রাঙ্গণে স্বাস্থ্য ক্যাম্পে প্রায় ৫ হাজার রোগীর মধ্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। স্বাস্থ্যসেবা প্রদান শেষে ক্লাবের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে প্রাক্তন ক্লাব সভাপতি নিশাত ইমরানের নেতৃত্বে লায়নিজমের শপথবাক্য পাঠের মাধ্যমে সাধারণ সভা আরম্ভ হয়।
অনুষ্ঠানে গিয়াসউদ্দিন বলেন, আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য অনুসরণে আমরা প্রতিবছর নিয়ম করে খাদ্য বিতরণ, শিশুদের খতনা, চিকিৎসাসেবা প্রদান, সুপেয় পানির বন্দোবস্তসহ নানা জনহিতকর কাজে নিয়োজিত আছি।
সভাপতির বক্তব্যে রেবেকা নাসরীন এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা দোয়া করবেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। তিনি তরুণীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, ডায়াবেটিস ও হৃদরোগ বিষয়ে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় অংশগ্রহণ করেন প্রাক্তন জেলা কেবিনেট সেক্রেটারি এস এম আশরাফুল আলম আরজু, প্রাক্তন কেবিনেট ট্রেজারার মোসলেহউদ্দিন খান, সিনিয়র গভর্নর এডভাইজার সিলভাস্টার বার্নাডেট, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার মোহাম্মদ ইসমাইল চৌধুরী, ডা. গোপাল ভট্টাচার্য, ডা. মেসবাহউদ্দিন তুহিন, রিজিয়ন চেয়ারপার্সন আবু নাসের রনি, আরশাদুর রহমান, জোন চেয়ারপার্সন আবদুর রব শাহীন, এম সোহেল খান, জয়েন্ট সেক্রেটারি বাসুদেব সিনহা, ট্রেজারার অনুপম মজুমদার, মহাদেব ঘোষ, কস্তুরি সিনহা, দীপ্তি লালা, কিশোয়ার জাহান, ডেইজি মওদুদ, শামীম আরা লুসি, সুরাইয়া জেরিন অশ্রু, নাসিমা আকতার, শাহিদা কামাল, নূর আকতার জাহান, বিপ্লব চক্রবর্তী তুহিন, লিও ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট শাহাদাত হোসেন সাইফ, প্রাক্তন সভাপতি নূর হোসেন এবং লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের ভাইস প্রেসিডেন্ট ইমরুল।