পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৭:৪৬ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৮:০৮ পিএম
পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-এ ক্ষতিগ্রস্তদের জমির ফাইল আটকে ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার চার সার্ভেয়ারের বিরুদ্ধে। এ ব্যাপারে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভূমি মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী।
অভিযোগ অনুযায়ী, আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া গ্রামে সরকার চার শতাধিক জমি অধিগ্রহণ করে। কিন্তু সেই জমির টাকা পেতে ছয় শতাংশ ঘুষ দাবি করেন এলএ শাখার সার্ভেয়ার সাদ্দাম হোসাইন, বিশ্বজিৎ, নাজমুল ও সাইফুল। তাদের ঘুষের টাকা না দিলে ভুক্তভোগীদের ফাইল দিনের পর দিন আটকে রাখেন সার্ভেয়াররা। তবে সার্ভেয়ারদের ঘুষের টাকা দিলে জমিজমার ভুয়া কাগজপত্র দাখিল করলেও টাকা পাচ্ছেন অনেকে। এ ছাড়া সম্প্রতি একই কারণে সার্ভেয়ার সাদ্দাম হোসাইন, বিশ্বজিৎ, মোশাররফ, নাজমুল, শাহাবুদ্দিন মুন্সি ও কালাম মুন্সির বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেন পঁচাকোড়ালিয়া গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন মৃধা। ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি তারা যেন সার্ভেয়ারদের ঘুষ দেওয়া ছাড়াই টাকা তুলতে পারেন।
এ ব্যাপারে এলএ শাখার সার্ভেয়ার সাদ্দাম হোসাইন বলেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন কথা। তা ছাড়া জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ গেলে বিষয়টি তদন্ত করে যে ব্যবস্থা নেওয়া হবে তা মেনে নেব।
পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’