নারায়ণগঞ্জ (শহর) প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১৬:৫৫ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১৮:৪২ পিএম
সংবাদ সম্মেলনে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সদস্যবৃন্দ। প্রবা ফটো
নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম, তাজমহল রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে না আনলে হরতালের ডাক দিয়েছে নারায়ণগঞ্জের যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলন এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যাত্রী
অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রাফিউর রাব্বি। ফোরামের আহ্বায়ক রাফিউর রাব্বি লিখিত
বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জে পরিবহন নিয়ে অরাজকতা দীর্ঘদিনের। বিগত সময়ে শেখ হাসিনা
সরকার সব সময়ই ছিল পরিবহন মালিক ও মাফিয়াবান্ধব। আওয়ামী শাসনামলে বিভিন্ন সেক্টরের
মতো এই পরিবহন খাতটি ছিল ওসমান পরিবারের চাঁদাবাজির অন্যতম উৎস। নিজেদের দলীয় ক্যাডার
ও আত্মীয়স্বজনদের অনৈতিক সুবিধা দিতে জনগণের বিরুদ্ধে গিয়ে সব সময় কিলোমিটারপ্রতি পরিবহনের
ভাড়া নির্ধারণ করেছে অযৌক্তিকভাবে। যথেচ্ছভাবে ভাড়া বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ তৈরিতে
স্থানীয় বিআরটিএ ও প্রশাসনও সব সময় তাদের সহায়তা করেছে।
তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে দাবি
জানিয়ে আসছি নারায়ণগঞ্জ থেকে ঢাকাসহ সব রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার এবং
ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করার। জেলা প্রশাসনের সভায় এসব অসংগতি তুলে
ধরলেও তা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
রাফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা
হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম, তাজমহল রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে
কমিয়ে আনতে হবে। ছাত্রদের জন্য অর্থেক ভাড়া কার্যকর করতে হবে। অন্যথায় ২৯ অক্টোবর
থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণ, মশাল মিছিলসহ নানা কর্মসূচি
পালন করা হবে। দাবি না মানা হলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জ শহরে সকাল ৬টা থেকে দুপুর ২টা
পর্যন্ত অর্ধদিবস সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করা হবে। এ সময় নাগরিক কমিটি,
সংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।