চাটমোহর (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪ ১০:২৯ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৪ ১১:২৭ এএম
প্রতিদিন কাদা মাড়িয়ে এ রাস্তায় চলাফেরা করে ছয় গ্রামের মানুষ। প্রবা ফটো
মাত্র ৩ কিলোমিটার কাঁচা রাস্তা নিয়ে যুগের পর যুগ দুর্ভোগ পোহাচ্ছে পাবনার চাটমোহর উপজেলার ছয় গ্রামের মানুষ। দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ কাঁচা রাস্তা পাকা হলেও, পাল্টায়নি খয়েরবাড়িয়া থেকে জগতলা পর্যন্ত রাস্তাটির চিত্র। শুকনো মৌসুমে যেমন তেমন বর্ষা মৌসুমে ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। একটু বৃষ্টিতে হাঁটু পরিমাণ কাদা মাড়িয়ে চলতে হয়। একটি পাকা রাস্তার কারণে আর্থসামাজিক উন্নয়নেও পিছিয়ে পড়েছে এলাকাবাসী। বারবার আশ্বাস দিলেও কথা রাখেননি জনপ্রতিনিধিরা।
সারা দেশে যখন গ্রামীণ সড়কে উন্নয়নের ছোঁয়া, কাঁচা রাস্তা খুঁজে পাওয়া দুষ্কর তখন পাবনার এ রাস্তাটি দেখে বোঝার উপায় নেই, উন্নয়নে কতটা বঞ্চিত তৃণমূলের যোগাযোগব্যবস্থা। এখনও এভাবে কাদা মাড়িয়ে চলতে হয় অনেক গ্রামের মানুষকে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকের সঙ্গে কথা হয় ওই রাস্তা দিয়ে চলাচল করা ভুক্তভোগী মানুষদের সঙ্গে। তারা জানায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া থেকে জগতলা পর্যন্ত কাঁচা রাস্তাটির দৈর্ঘ্য ৩ কিলোমিটার। এর মধ্যে রয়েছে খয়েরবাড়িয়া, গোয়ালবাড়িয়া, মথুরাপুর, জগতলা, চক উথুলী, কুবিরদিয়া- এ ছয়টি গ্রাম। আর এ ছয় গ্রামে অন্তত ২০ হাজার মানুষের বসবাস। এর মধ্যে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বাস করে। কাদা পানিতে রাস্তাটি একাকার থাকায় নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠানেও যেতে পারে না তারা।
আলাপকালে মোজাহার হোসেন, তায়জাল মোল্লা, সুশীল রোজারিও, নিকুদিম কস্তা বলেন, শিশুদের লেখাপড়া, কৃষিকাজ, ফসল আনা-নেওয়া, গ্রাম থেকে শহরে যেতে নানাভাবে ভোগান্তিতে পড়তে হয় আমাদের। অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে কষ্টের আর সীমা থাকে না। অনেক সময় এলাকাবাসী নিজেরাই ইটের খোয়া ফেলে চলাচলের চেষ্টা করে।
ইসমত আলা খাতুন, রনজিলা খাতুন, বেবী রোজারিও, লুচি রোজারিও বলেন, কাঁচা রাস্তার বেহাল দশার কারণে সন্তানদের বিয়ে দিতেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে অভিভাবকদের। একটি রাস্তার কারণে আর্থসামাজিক উন্নয়নে পিছিয়ে পড়েছে এ ছয়টি গ্রামের মানুষ। রাস্তাটি পাকা করতে বারবার আশ্বাস দিলেও কথা রাখেননি স্থানীয় জনপ্রতিনিধিরা। তাই দ্রুত রাস্তাটি পাকা করে জনভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রকৌশলী মো. সুলতান মাহমুদ প্রতিদিনের বাংলাদেশকে জানান, ‘চাটমোহর উপজেলায় ৬৯৭ কিলোমিটার রাস্তা রয়েছে। এর মধ্যে পাকা রাস্তা ৩০০ কিলোমিটার এবং কাঁচা রাস্তা ৩৯৭ কিলোমিটার। গ্রামীণ কাঁচা রাস্তাগুলো পাবনা জেলার উন্নয়ন প্রকল্পে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প পাস হলে চাটমোহর উপজেলায় আর কোনো কাঁচা রাস্তা থাকবে না।’