ঘূর্ণিঝড় দানা
পাইকগাছা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ২০:২৪ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ২০:৩১ পিএম
খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় দানার প্রভাব ও অতিবৃষ্টির ফলে বসবাসের ঘরটি পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সহিল উদ্দিন। নতুন করে ঘর নির্মাণের সামর্থ্য নেই তার। এখন পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। ঘর নির্মাণে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
সহিল উদ্দিন উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামের ইছার উদ্দিন চৌকিদারের ছেলে। পরের জমিতে কাজ করে যে মজুরি পান তা দিয়ে চলে তার পাঁচ সদস্যের সংসার। স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্য তার আয়ের ওপর নির্ভরশীল। ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে গত বৃহস্পতিবার রাতে তার ঘরটি ভেঙে পড়ে। বর্তমানে পরিবারেরর সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন।
সহিল উদ্দিন বলেন, ঘরটি পড়ে যাওয়ায় স্ত্রী-সন্তানদের নিয়ে রাস্তার ওপর খোলা আকাশের নিচে বসবাস করার উপক্রম হয়েছে। এখন আমি কী করব ভেবে পাচ্ছি না। নতুন ঘর নির্মাণের টাকা পাবে কোথায়। এখন আল্লাহর ওপর একমাত্র ভরসা। ঘর নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।
স্থানীয় আব্দুল্লাহ মোড়ল বলেন, দিনমজুর সহিল উদ্দিনের থাকার ঘরটি পড়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে। সাহায্য ছাড়া তার পক্ষে নতুন ঘর তৈরি করা সম্ভব নয়। গদাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। সরকারি বরাদ্দ এলে সহিল উদ্দিনকে সহযোগিতা করা হবে।