চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ২০:২১ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ২০:৩০ পিএম
চাঁদপুর-রায়পুর সড়কের বাগড়া বাজার এলাকায় পকেটমার চক্রের তিন সদস্যকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে জনতা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মধ্যরাতে এক যাত্রীর পকেট কাটার পর হাতেনাতে একটি সিএনজি অটোরিকশাসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের ইকবাল গাজী, বাবুরহাটের মোহাম্মদ সাগর ও ফরিদগঞ্জের চর কুমিরিয়া এলাকার সাদ্দাম মিজি। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয় বলে জানায় থানা পুলিশ।
শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী নূর হোসেন জানান, রাতে কালীবাড়ি থেকে বাগাদী লেবুতলা এলাকায় সিএনজি অটোরিকশা থেকে নামার সময় তিনি পকেটের টাকা কম বুঝতে পারেন। পকেটে দেখেন ১০ হাজার টাকার মধ্যে ৬ হাজার ৩০০ টাকা আছে। পরে সিএনজি অটোরিকশাতে থাকা দুই যাত্রীকে সন্দেহ করে স্থানীয় জনতাকে নিয়ে তল্লাশি করলে বাকি টাকা পাওয়া যায়। সঙ্গে একটি ব্যাগ ও বিভিন্ন জনের প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায় তাদের কাছে।
বাগড়া বাজার এলাকার ব্যবসায়ী আকতার হোসেন। তিনি গত মাসের ৮ তারিখ ৮০ হাজার টাকা নিয়ে শহরের হাকিম প্লাজার ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে বের হন। কোথায় যাবেন বলে তাকে একটি সিএনজি অটোরিকশায় পেছনের সিটে নিয়ে রওনা হয়। পরে তারা মিশন রোড বঙ্গবন্ধু সড়কের ভাঙা অংশে গাড়ি অতিরিক্ত গতিতে চালিয়ে তার পকেট থেকে টাকা বের করে রেলক্রসিং এলাকায় নামিয়ে দেয়। তিনিও খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের চিনতে পারেন। তারা জানান, সিএনজি অটোরিকশাতে যাত্রীবেশে পাকেট কাটা ছিল তাদের পেশা। দীর্ঘদিন ধরে শহর এলাকায় যাত্রীবেশে পাশে বসে পকেট কাটছিল তারা। কয়েক মাস ধরে শহরের আশপাশে এমন অহরহ ঘটনা ঘটছে।
সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, ভুক্তভোগী নুর হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।