পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১৮:২৪ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১৮:২৫ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় হামলা ও ডাকাতির ঘটনায় আহত হাস্কিং মিলের নৈশপ্রহরী লাবু ইসলাম মারা গেছেন। গত বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় হওয়া মারধর ও ডাকাতির মামলায় দেবীগঞ্জ পৌর যুবদলের নেতা সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল এবং একটি চেইন স্টিক উদ্ধার করা হয়।
এর আগে, গত ১৬ অক্টোবর রাতে অজ্ঞাতদের আসামী করে মামলা করেন মেসার্স সাহা হাসকিং মিলের সত্ত্বাধিকারী নন্দন কুমার সাহা।
গ্রেপ্তাররা হলেন- দেবীগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বাজারপাড়া এলাকার বাসিন্দা আজিজুল বারী সোহেল, উপজেলা শ্রমিক দলের নেতা ও মধ্যপাড়া এলাকার জাকির হোসেন, একই এলাকার হৃদয় ইসলাম বেলী, পৌরসভার বডিংপাড়া এলাকার সাজু ইসলাম এবং তালতলা এলাকার সমির ফকির।
বৃহস্পতিবার বিকালে গ্রেপ্তারকৃতের আদালতে তোলার পরে হৃদয় ইসলাম নিজের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আদালতে যুবদল নেতা সোহেল, জাকির, সাজু ও সমিরের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আগামী সোমবার (২৮ অক্টোবর) শুনানির দিন ধার্য করে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়।
মামলার এজহার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর ( মঙ্গলবার) গভীর রাতে দেবীগঞ্জ পৌর শহরের শাহা পাড়া এলাকায় নন্দন কুমার সাহা নামে এক ব্যাক্তির মেসার্স সাহা হাসকিং মিলে চার থেকে পাঁচ জন মুখোশধারী ব্যাক্তি চাইনিজ কুড়ালসহ ডাকাতির উদ্দেশে মিলে হামলা করে। এ সময় মিলের নৈশপ্রহরী আমিনুর রহমান ও লাবু ইসলামের মাথা, কানসহ শরীরের বিভিন্ন অংশে কিলঘুষি ও আঘাত করে। এ সময় তারা অজ্ঞান হয়ে মাটিতেই পড়ে থাকেন। পরে মিলের অফিসের দরজা, আলমিরা ও সিন্ধুকের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় দূর্বৃত্তরা।
বুধবার সকালে (১৬ অক্টোবর) মিলে গিয়ে দুইজনকে আহত অবস্থায় দেখতে পান নন্দন কুমারের ছোট ভাই সুব্রত কুমার সাহা। তিনি বিষয়টি মিল মালিকসহ পরিবারের সদস্যদের জানালে আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য লাবুকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। আহত আমিনুর রহমান চিকিৎসা শেষে কয়েকদিন পরেই বাসায় ফেরেন।
আমিনুরের দেওয়া তথ্যানুযায়ী ডাকাতির অভিযোগে অজ্ঞাতদের আসামি করে ওইদিন রাতেই একটি মামলা দায়ের করেন মিল মালিক নন্দন। এনিয়ে তদন্তে নামে যৌথ বাহিনী। বুধবার রাতে যৌথ বাহিনীর অভিযানে হৃদয় ইসলাম বেলীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে আরো চার জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে তাদের দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, আসামিদের মধ্যে বেলী আদালতে নিজের দায় স্বীকার করেছে। বাকী আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত শুনানির অন্য দিন ধার্য করে আদালতে তাদের প্রেরণ করেছেন।