মোংলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪ ১০:৩৭ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪ ১১:১১ এএম
মোংলা বন্দরে পণ্য ওঠানো-নামানো স্বাভাবিক। প্রবা ফটো
ঘূর্ণিঝড় দানা ভারতের ওড়িশায় হানা দেওয়ার পর আপাতত সুন্দরবন উপকূল থেকে দুর্যোগ কেটে গেছে। আতঙ্কমুক্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সুন্দরবন উপকূলসংলগ্ন মোংলার বাসিন্দারা।
শুক্রবার (২৫ অক্টোবর) ভোর থেকে এখানকার আবহাওয়া অনেকটা স্বাভাবিক রয়েছে। ভোর থেকেই মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলের আকাশ রৌদ্রোজ্জ্বল তাই ভ্যাপসা গরমও পড়ছে। নেই বৃষ্টি ও বাতাস। শ্রমজীবীরা জীবিকার সন্ধানে বেরিয়েছেন। তবে শুক্রবারও মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্যমতে, আরও দুয়েকদিন বৃষ্টিপাতের আভাস রয়েছে মোংলার উপকূলে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভূইয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, স্বাভাবিক রয়েছে মোংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ। গতকাল দুর্যোগের প্রভাবে ভারী বৃষ্টির কারণে সাতটি জাহাজে পণ্য ওঠানো-নামানোর কাজ ব্যাহত হয়েছিল। কিন্তু এখন পুরোদমে সেসব জাহাজ থেকে পণ্য খালাস চলছে।