নাটোর প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪ ২১:১৯ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪ ২২:০০ পিএম
নাটোরে মারকাজ মসজিদ দখল নেওয়াকে কেন্দ্র করে জুবায়ের-সাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ঢাকা-রাজশাহী মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নাটোর শহরতলির তেবাড়িয়া মারকাজ মসজিদের দখল নেয় জুবায়েরপন্থির লোকজন। পরে সেখানে একটি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে কিছু ছাত্র অবস্থানের ব্যবস্থা করা হয়। জেলা প্রশাসক না থাকায় এ বিষয়ে তাৎক্ষণিক নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এরই একপর্যায়ে বৃহস্পতিবার সকালে সাদপন্থি তাবলিগ জামাতের লোকজন ‘তাবলিগ ইজতেমা’ আয়োজনের ঘোষণা দিয়ে প্রস্তুতি গ্রহণে তেবাড়িয়া মারকাজ মসজিদে অবস্থান নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় উভয়পক্ষ মারমুখী হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নিলে প্রায় ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা এসে দুপক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অনেকে আহত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন জানান, বিষয়টি নিয়ে আগামী রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে দুপক্ষের সঙ্গে বসবেন।