ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ১৪:৪৪ পিএম
আদালত প্রাঙ্গনে হাজী রহিম উল্লাহ । প্রবা ফটো
ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান তানিম টমটম চালক জাফর হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত হাজী রহিম উল্লাহ সহ ৫ আসামির প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বাদী পক্ষের আইনজীবী ফেনী জজ কোর্টের এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, টমটম চালক জাফর হত্যা মামলায় হাজী রহিম উল্লাহসহ গ্রেপ্তার ৫ আসামির প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে, ১২ অক্টোবর গ্রেপ্তারের পর ১৩ অক্টোবর রবিবার দুপুরে ফেনী সদর আমলী আদালত-১ এ তাকে সোপর্দ করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. রহিম উল্লাহকে শনিবার (১২ অক্টোবর) ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব।
পুলিশ সূত্র জানায়, গত ৪ আগস্ট শহরের পুরাতন জেল রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন সময়ে জাফর আহম্মদ নামে এক টমটম চালককে হত্যার ঘটনায় করা মামলার আসামি তিনি। এছাড়া টমটম চালক হত্যা মামলায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান আসামি করা হয়। মামলায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ ২০৫ জনের নাম উল্লেখ করে আরও ১০০ থেকে ১০৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। গত ৫ সেপ্টেম্বর নিহত টমটম চালক জাফরের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন।
প্রসঙ্গত, রহিম উল্লাহ ২১ বছর সৌদি আরবের জিদ্দা প্রবাসী শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।