চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪ ০৮:৫৪ এএম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪ ০৯:৪৭ এএম
লাইনচ্যুত ট্যাংকারে উদ্ধার কাজ চলছে। প্রবা ফটো
চুয়াডাঙ্গার জীবননগরে তেলবাহী ট্রেনের ৮টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার উথলী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে খুলনাগামী ও খুলনা থেকে গোয়ালন্দগামী যাত্রীবাহী ট্রেনগুলো চুয়াডাঙ্গা স্টেশন ও মোবারকগঞ্জ স্টেশনে আটকা পড়েছে।
চুয়াডাঙ্গা স্টেশনের পয়েন্ট ম্যান শান্ত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মধ্যরাত থেকেই সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভোর থেকে উদ্ধারকাজ শুরু হয়েছে। চুয়াডাঙ্গা স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেন আটকে আছে। উদ্ধারকাজ শেষে বিস্তারিত জানা যাবে।
এদিকে ৮ ঘণ্টার বেশি সময় পার হলেও ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী যাত্রীরা। এছাড়া বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আটকে পড়া ট্রেনের যাত্রীরা পড়েছেন বেশ ভোগান্তিতে।
লাইনচ্যুত ট্যাংকার উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী ট্রেন ভোর থেকেই কাজ শুরু করেছে বলে জানা গেছে। এখনো উদ্ধারকাজ চলছে।
উথলী রেলওয়ের স্টেশনমাস্টার মিন্টু রায় বলেন, ঢাকা থেকে ৩২টি খালি ট্যাংকার নিয়ে একটি ট্রেন মঙ্গলবার রাতে খুলনা যাচ্ছিল। রাত আনুমানিক ১টার দিকে আনসারবাড়িয়া স্টেশনের অদূরে রেল লাইনের ১১ নম্বর পয়েন্টের কাছে আটটি ট্যাংকার লাইনচ্যুত হয়।