মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪ ১৫:৩৪ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪ ১৬:০৮ পিএম
নিহত ডাকাত সর্দার বাবলা খালাসী। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মেঘনার তীরবর্তী মল্লিকেরচর গ্রামে, দুই নৌ-ডাকাতদলের সংঘর্ষের ঘটনায় কুখ্যাত নৌ-ডাকাত বাবলা বাহিনীর প্রধান বাবলা খালাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে এই দুর্ধর্ষ ঘটনাটি ঘটেছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বাবলার বাড়ি চাদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর গ্রামের বাচ্চু খালাসীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে ইমামপুর ইউনিয়নে বাবলা বাহিনীর সঙ্গে অপর এক ডাকাতদলের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে বাবলা বাহনীর প্রধান বাবলা নিহত হয়। আহত হয় আরও কয়েকজন। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
পুলিশ আরও জানান, ডাকাত বাবলা ৪২টি হত্যা, ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামি এবং জোর করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গ্রামবাসী এর প্রতিবাদ করলে অনেকেই তার ও তার বাহিনীর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া তার বাহিনীর হামলার শিকার হয়ে গ্রামবাসীদের অনেকেই পঙ্গু হয়েছেন।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মেঘনার তীরবর্তী গ্রাম ঘেঁষে নদীতে জোরপূর্বক অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন।
ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ‘কুখ্যাত নৌ-ডাকাত বাবলার গুলিবিদ্ধ মরদেহ ইমামপুর ইউনিয়নের মল্লিকের চর গ্রাম সংলগ্ন মেঘনা নদী এলাকায় রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া চলছে। জলদস্যু কুখ্যাত নৌ-ডাকাত বাবলা বাহিনীর বিরুদ্ধে দাউদকান্দি, মতলব গজারিয়া মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ থানায় হত্যা ডাকাতিসহ বিভিন্ন ৪২টি মামলা রয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে পুলিশ।’