মিয়ানমারে সংঘাত
টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৯:৪০ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ১৯:৫১ পিএম
মিয়ানমার-বাংলাদেশের মধ্যবর্তী নাফ নদ। প্রবা ফটো
সীমান্তের ওপারে মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান সংঘাতে বিস্ফোরণের শব্দে ভেসে আসছে কক্সবাজারের টেকনাফে। রবিবার (২০ অক্টোবর) রাত থেকে সোমবার (২১ অক্টোবর) দুপুর পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণে টেকনাফের বিভিন্ন এলাকায় কম্পন সৃষ্টি হয়েছে।
সীমান্ত এলাকার বাসিন্দা জানান, ওপার থেকে ভেসে আসা গোলাগুলি ও মর্টার শেলের বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশিদের মাঝে।
টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার বাসিন্দা আব্দুস সালাম বলেন, ‘মংডু শহরে নতুন করে সংঘাত ছড়িয়েছে বলে ধারণা করা সীমান্তের এসব এলাকায় গতকাল রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে।
টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার বাসিন্দা রাসেল বলেন, সোমবার দুপুরে ওপারে হঠাৎ বিকট শব্দ শোনা গেছে। এপারে নিজ বাড়ি ঘর থরথর করে কেঁপে উঠেছে। এমন বিকট শব্দে প্রায়ই আমাদের রাতের ঘুম ভেঙে যায়।
সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিদ্দিক আহমদ বলেন, মর্টার শেল আর বিস্ফোরণের শব্দে পুরো টেকনাফ কাঁপছে। প্রতিনিয়ত জনমনে ভীতির সৃষ্টি হচ্ছে। এমন বিস্ফোরণের শব্দ আগে কখনও শুনিনি। সারাক্ষণ ভয়ে ভয়ে দিনযাপন করছি।