× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে সালিশে ছেলেকে জরিমানা, ক্ষোভে বাবার আত্মহত্যা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৮:২১ পিএম

মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। প্রবা ফটো

মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। প্রবা ফটো

বৈদ্যুতিক মোটর চুরির দায়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই যুবককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে সালিশি বৈঠকে। এ ঘটনার দুদিন পর ক্ষোভ ও অপমানে একজনের বাবা অমল বর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় গ্রামে এ ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু কী কারণে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তে জানা যাবে বলেও জানান তিনি।

মৃত অমল বর ওই গ্রামের মৃত হরিপদ বরের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, গত কয়েকদিন আগে ওই গ্রামের মৃত কমল রায়ের স্ত্রীর একটি বৈদ্যুতিক মোটর চুরি হয়। চুরির ঘটনায় একই গ্রামের অমল বরের ছেলে সুজয় বর ও বাবুল রায়ের ছেলে দিগন্ত রায়কে সন্দেহ করে। পরে বিষয়টি নিয়ে স্থানীয় নিত্য মজুমদারের ডাকে গত শনিবার বিকালে রাহুথড় উদয়ন উচ্চ বিদ্যালয়ে এক গ্রাম্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে ওই দুই যুবককে চুরির দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করেন স্থানীয়রা। জরিমানার টাকা জোগাড় করা নিয়ে সুজয় বরের দরিদ্র পরিবারে ঝামেলা হয়। এছাড়া এলাকাবাসী সুজয় বরের পরিবার নিয়ে নানা ধরনের কটূক্তি করতে থাকে। এতে ক্ষোভ ও অপমান সহ্য করতে না পেয়ে বাড়ির পাশে একটি ভিটায় গাছের সাথে গলায় ফাঁস নিয়ে সুজয় বরের বাবা অমল বর আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা মরদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেয়।

কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

ওসি মো. শফিউদ্দিন খান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা