লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৭:৩৫ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ১৯:০৪ পিএম
নিহত মাদ্রাসা শিক্ষক মাজহারুল ইসলাম। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী মরিয়ম বেগমের জানাজায় অসুস্থ হয়ে মাদ্রাসা শিক্ষক স্বামী মাজহারুল ইসলামের মৃত্যু হয়েছে। মাজহারুল ইসলাম উপজেলার লামচর ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর আমির ছিলেন। এক দিন না যেতেই স্বামী-স্ত্রী দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার লামচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাশিমপুর গ্রামের বাড়িতে মাজহারুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তার স্ত্রী মারা যান।
রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান ও লামচর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মাজহারুল ও তার স্ত্রী মরিয়মের মৃত্যুতে জামায়াতে ইসলামী গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মাজহারুল বেড়ি বাজার নুরানি মাদ্রাসার সহকারী শিক্ষক ও লামচর ইউনিয়নের পশ্চিম কাশিমপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
লামচর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনির হোসেন বলেন, রবিবার সকাল ৯টার দিকে মাজহারুল তার স্ত্রীর জানাজায় অংশ নেন। তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সোমবার দুপুর ২টার দিকে তিনি মারা যান। রাত সাড়ে ৮টায় জানাজা শেষে মাজহারুলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।