বগুড়া অফিস
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৪:২১ পিএম
বগুড়ায় না জানিয়ে মোবাইল নিয়ে খেলা করায় এক শিশুকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। প্রবা ফটো
বগুড়ায় না জানিয়ে মোবাইল নিয়ে খেলা করায় এক শিশুকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় গাবতলী উপজেলার নারুয়ামালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মোবাশ্বের হোসেন। সে ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় মোবাশ্বেরের চাচাতো ভাই অভিযুক্ত মো. নাবিলকে আটক করেছে পুলিশ।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নাবিলকে না জানিয়ে তার মোবাইল ফোন নিয়ে খেলা করছিল মোবাশ্বের। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নাবিল ধারাল একটি বার্মিজ চাকু দিয়ে নিজ ঘরে মোবাশ্বরকে জবাই করে হত্যা করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নাবিলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আশিক ইকবাল বলেন, মোবাশ্বের নামের এক ছাত্রকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই এক কিশোরকে আটক করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।