× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞা ভেঙে ইলিশ শিকার চলছেই

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৩:০৫ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীতে চলছে জেলেদের মাছ শিকার। রবিবার তোলা। প্রবা ফটো

নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীতে চলছে জেলেদের মাছ শিকার। রবিবার তোলা। প্রবা ফটো

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলায় নদীতে সব ধরনের মাছ ধরা, বিক্রি ও পরিবহন বন্ধ। কিন্তু তারপরও রাজবাড়ীর সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলার নদী তীরবর্তী এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ। নদীতে এ সময়ে ইলিশ ধরার মহোৎসব চলছে, ক্রেতার কাছে সেগুলো পৌঁছানো হচ্ছে হোম ডেলিভারিতে। সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাট থেকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পর্যন্ত নদী এলাকায় চলছে এসব ইলিশ বেচাকেনা।

জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, নিয়মিত অভিযান চালিয়ে যেসব জেলে মাছ ধরছেন তাদের ভিজিএফসহ অন্যান্য সুবিধা বাতিল করা হচ্ছে। এ ছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হচ্ছে। তাদের থেকে জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হচ্ছে।

সরেজমিনে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন ও গোয়ালন্দ উপজেলার নদী তীরবর্তী এলাকায় পদ্মা নদীতে জেলেদের নৌকা নিয়ে মাছ শিকার করতে দেখা গেছে। গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি গ্রামে দেখা যায়, মৌসুমি জেলেরা ইলিশ শিকার করে নদীতীরেই বিক্রি করছেন। ১ কেজির বেশি ওজনের ইলিশ ১ হাজার ৫০০ টাকা এবং ছোট (জাটকা) ইলিশ মাছ ৫৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ সময় নদীতে মৎস্য বিভাগের কাউকে অভিযান চালাতে দেখা যায়নি।

এদিকে নিষেধাজ্ঞা চলাকালে দৌলতদিয়া ফেরিঘাট, লঞ্চঘাট, চলন্ত ফেরি ও লঞ্চে প্রকাশ্যে ব্যবসায়ীদের ডালিতে করে ইলিশ বিক্রি করতে দেখা গেছে। এসব মাছ রাজবাড়ী শহরে জেলে ও তাদের লোকজন বিভিন্ন বাসাবাড়িতে হোম ডেলিভারিও দিচ্ছেন।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলায় পদ্মা নদীর অংশ রয়েছে ৪২ কিলোমিটার। গত ১৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর ৮ দিনে জেলায় মা ইলিশ রক্ষা অভিযান চালিয়ে মোবাইল কোর্টে চারজন জেলেকে ৭ দিনের কারাদণ্ড ও ২৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও ইলিশ শিকারে ব্যবহৃত ১ লাখ ৬২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ৩১০ কেজি ইলিশ জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিদিনই বিভিন্ন জেলেরা পদ্মা নদী থেকে কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরে কিনারে নিয়ে আসছেন। সেখানে প্রকাশ্যে বড়-ছোট ইলিশ মাছ মৌসুমি মাছ ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া সেখানে একটু কম দামে পাওয়ায় গ্রামের অনেক দরিদ্র মানুষ ইলিশ কিনছেন।

মাছ কিনে নেওয়া এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা এখান থেকে কম দামে কিনে নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে একটু লাভ করে বিক্রি করি। 

দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান হোসেন তুহিন বলেন, সম্প্রতি এখানে যোগদান করেছি। এখন ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। আপনাদের কাছ থেকে জেলেদের প্রকাশ্যে মাছ ধরা ও বিক্রির বিষয়টা জেনেছি। এমন কোনো ঘটনা ঘটে থাকলে নদীতে অভিযান চালাব।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, গোয়ালন্দের ১৯ কিলোমিটার অংশের পদ্মা নদীতে প্রশাসন, থানা পুলিশ ও মৎস্য বিভাগের পক্ষ থেকে নিষেধাজ্ঞার মধ্যে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। নিষেধাজ্ঞার এই সময়ের মধ্যে কেউ মা ইলিশ ধরলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সেনাবাহিনী নিয়ে পদ্মা নদীর কলাবাগানসহ দেবগ্রামে অভিযান চালানো হয়েছে। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব জেলা ও গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, গোয়ালন্দের দেবগ্রামে ইলিশ শিকার ও বিক্রির বিষয়টি শুনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছি।

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিক বলেন, মাছ বিক্রির বিষয়টি শুনেছি। মৎস্য অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা