সাভার প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১২:২৫ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ১২:৪৯ পিএম
নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। প্রবা ফটো
তিন মাসের বকেয়া বেতন ও বিভিন্ন দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জেনারেশন নেক্সট লিমিটেডের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রিমোড়ে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এর আগে সকাল ৮টার দিকে আশুলিয়ার গোরাট এলাকায় কারখানার সামনে থেকে মিছিল নিয়ে বাইপাইল মহাসড়কে আসেন তারা।
শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রমিকরা জানায়, তিন মাস থেকে কোনো বেতন-বোনাস পাচ্ছে না তারা। বেতন না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে কয়েকবার মালিকপক্ষের সঙ্গে কথা হলে তারা আশ্বাস দেয়। কিন্ত তিন মাস পার হলেও অধিকাংশ শ্রমিক বেতন-বোনাস পায়নি। কারখানার স্টাফদের বেতন বকেয়া আছে চার থেকে পাঁচ মাসের। এরপর শ্রমিকরা বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয়ে গেলে বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। তবে কারখানা খুলে দেয়নি, বেতন ও বোনাস পরিশোধ করেনি।
কারখানাটির শ্রমিক সাইফুল ইসলাম বলেন, ‘তিন মাস ধরে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। বাসা ভাড়া ও দোকানে বাকি থাকায় অনেকটাই না খেয়ে দিন পার করছি। কোথাও চাকরি নিতে পারছি না।’
তিনি বলেন, ‘এক মাসের বেতন-বোনাস পরিশোধ না করেই গত মাসে কারখানা বন্ধ ঘোষণা করে। গত মাসে বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয় আমাদের আশ্বাস দিয়েছে। কিন্তু তিন মাসের বেতন এখনও পরিশোধ করেনি। তাই বাধ্য হয়ে মহাসড়কে এসেছি। বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে।’
পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘অবরোধের বিষয়টি শুনেছি। এরা জেনারেশন নেক্সট লিমিটেড কারখানার শ্রমিক। কেউ দুই মাস, কেউ আরও বেশি মাসের বেতন পায়নি। আলোচনা চলছে।’