চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ২২:৫৮ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪ ২৩:০০ পিএম
ব্যাংক এশিয়ার দায়ের করা ঋণ খেলাপি মামলায় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসানের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। রবিবার (২০ অক্টোবর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘আজকে ওয়েস্টার্ন মেরিনের টাকা দাখিলের দিন ধার্য ছিল। বিবাদী আদালতে হাজির হয়ে টাকা দাখিলের সময়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে বাদী ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে বিবাদীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।’
আদালত সূত্রে জানা যায়, ঋণ নিয়ে পরিশোধ না করায় ২০২২ সালের অক্টোবর মাসে ৫০৫ কোটি খেলাপি ঋণ আদায়ে ওয়েস্টার্ন মেরিনের ১১ মালিকের বিরুদ্ধে আদালতে মামলা করেন। বিবাদীরা খেলাপি ঋণ দায় স্বীকার করলেও দীর্ঘদিন ধরে ব্যাংকের ঋণ পরিশোধে এগিয়ে আসছে না। বিবাদীরা গত দুই বছর ধরে বাদী ব্যাংকের সঙ্গে আপোস মীমাংসায় নালিশী ঋণ পরিশোধের জন্য বিগত দেড় বছর ধরে সময়ের আবেদন করেন। দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ না করায় বাদী পক্ষের গত ১৫ সেপ্টেম্বর দাখিল করা দরখাস্ত পরিবর্তিত আকারে মঞ্জুর করে বিবাদী সোহেল হাসানকে আদালতের অনুমতি ব্যতীত দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করে আদালত।