মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪ ১৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত তিন বাংলাদেশির মরদেহ মুন্সীগঞ্জের গ্রামের বাড়িতে পৌঁছানোর পর দাফন সম্পন্ন করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকার নিজ বাড়ির উঠানে তিন রেমিট্যান্স যোদ্ধার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে মানুষের ঢল নামে। পরে রমজানবেগ দক্ষিনপাড়া সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
মালয়েশিয়া থেকে গতকাল শনিবার দিবাগত রাতে রমজানবেগ গ্রামের বাড়িতে পৌঁছায় রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী, আবুল কাশেমের ছেলে আবু তাহের ও মো. মহিউদ্দিনের ছেলে মো. সালামের মরদেহ। তিন রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
গত ১০ অক্টোবর সকাল সাড়ে ১১ টার দিকে মালয়েশিয়ার জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কারখানার ভেতর থাকা ৩ বাংলাদেশি দগ্ধ হন। পরে কারখানার কর্তৃপক্ষ দগ্ধদের হাসপাতলে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ অক্টোবর সন্ধ্যা ৭ টার দিকে মারা যায় জব্বার আলী, ১২ অক্টোবর ভোরে মারা যায় আবু তাহের এবং পরদিন ১৩ অক্টোবর বিকেল মারা যান দগ্ধ মো. সালাম। তারা তিনজন ৮ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপন করছেন।