রংপুর অফিস
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ২১:১৭ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ২১:১৯ পিএম
রংপুরের পীরগাছায় দুই বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার ও সাইফুল ইসলামসহ ২৪ জনের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদ করেছে মুক্তিযোদ্ধা সংসদ। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পীরগাছা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আয়োজিত মানববন্ধনে এই প্রতিবাদ জানানো হয়।
এতে বক্তব্য দেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সুলতান, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা সন্তান আবু শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, ২০২৩ সালের একটি উদ্ভট ও বানোয়াট ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে জামায়াত-শিবির। ওই মামলায় দুজন বীর মুক্তিযোদ্ধাসহ ২৪ জনকে আসামি করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা নিজেদের স্বার্থ হাসিল করতে এসব হয়রানি করে চলেছে। দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদেরও তারা ছাড় দিচ্ছে না। তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা যদি স্বাধীনতা যুদ্ধে না ঝাঁপিয়ে পড়তেন তবে কোনো রাজনৈতিক দলই তাদের কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করতে পারত না। আজ সেই মুক্তিযোদ্ধাদেরই আসামি দেখানো হচ্ছে। এসব ষড়যন্ত্র করে মুক্তিযোদ্ধাদের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার পাঁয়তারা করছে তারা। মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।