মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৬:৪০ পিএম
ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। প্রবা ফটো
কিশোরগঞ্জের হোসেনপুরে ৫ মিনিটের প্রচন্ড ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়েছে উপজেলার জিনারী ইউনিয়নসহ আশপাশের ১২ গ্রাম। এতে ঘরবাড়ি, গাছপালা, ফসল ও বিদ্যুৎ খুঁটি উপড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। বিভিন্ন গাছ সহ উঠতি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে হঠাৎ শিলাবৃষ্টিসহ প্রচন্ড ঝড়ো বাতাসের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (১৯ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই ঝড়ে উপজেলার নামা জিনারীর কেরামত আলীর পুরাতন বসতঘর, রান্নাঘর,গোয়ালঘর, পেঁপে আম, জাম, কাঠাল, রেন্টি গাছ ভেঙেছে পড়ে আছে। খানপাড়ার আব্দুর রশিদের বসত ঘর, গোয়াল ঘর, রান্না ঘরসহ পরিবারের লোকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গফরগাঁও গ্রামের জেসমিন আক্তার পুষ্পর রান্নাঘর, গাছপালা, আওয়াল মিয়ার পুরাতন বসতঘরসহ অনেক পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও গফরগাঁও, নামা জিনারী, হলিমা, ডাকরীয়া, বেলতলা, টেকাপাড়াসহ কয়েকটি গ্রামের লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলায় একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের মধ্যে উত্তর দিকের বৃহৎতম অংশ জিনারী ও সিদলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত শুক্রবার রাতে প্রচন্ড বেগে হঠাৎ করেই ঝড়ো বাতাস শুরু হয়। সেই সঙ্গে শিলাবৃষ্টি। ফলে ঝড়ের তান্ডবে উপড়ে গেছে অনেক গাছপালা। বৈদ্যুতিক তার ছিঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়িও। সেই সঙ্গে আমন ফসল ও শাকসবজিসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তায় গাছ পড়ে বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
উপজেলার নামা জিনারীর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া বলেন, ‘শুক্রবার রাত পৌনে ৮টার দিকে হঠাৎ প্রচন্ড বাতাসের সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়। চোখের পলকেই গাছপালা ও বাড়িঘর ভাঙতে থাকে। জিনারী এলাকায় বিভিন্ন গ্রামের বেশিরভাগ বাসিন্দার ঘরবাড়ি ভেঙে গেছে। অনেকের আমন ফসল ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে স্থানীয় লোকজন দিশেহারা হয়ে পড়েছেন।
সিদলা ইউনিয়নের হাবিবুর রহমান বলেন, ‘দমকা বাতাসে ঘর বাড়ির বেড়া উড়ে গেছে। গাছ পড়ে এই গ্রামের অনেকের ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে।’
উপজেলার জিনারী ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম রহিদ বলেন, ‘হঠাৎ ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনে সহযোগিতা করছি।’
হোসেনপুর পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মাসুদ রানা জানান, উপজেলার জিনারি ইউনিয়নের বিভিন্ন জায়গায় রাতে ঝড়ের কারনে বিদ্যুতের পোল ভেঙ্গে যায় ও লাইনের উপরে গাছপালা পড়ায় উক্ত লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডলের সঙ্গে মোবাইলে কথা হলে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘শনিবার সকালে আমি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি। শুক্রবার রাতের আকস্মিক ঝড়ে জিনারী ইউনিয়নে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত তৈরি করে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ঢেউটিন সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।