আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৫:১৩ পিএম
আখাউড়া থেকে আগরতলা বন্দরে প্রবেশের অপেক্ষায় বরফায়ীত মাছবাহী গাড়ি শনিবার সকালে তোলা। প্রবা ফটো
মাছ রপ্তানির মাধ্যমে সাতদিন পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে আখাউড়া স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক রুকুনুজ্জামান আবেদিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ১০টার দিকে ১২টি গাড়িতে করে প্রায় ৭০ টন বরফায়ীত মাছ রপ্তানির মাধ্যমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আর দুপুর ১টা পর্যন্ত ১৯টি গাড়িতে করে ৪০৫ মেট্রিক টন ৮০০ কেজি বর্জতুলা, প্লাস্টিক সামগ্রীসহ অন্যান মালামাল এ বন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় রপ্তানি হয়েছে। শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মিপূজার ছুটি শেষে আজ সকাল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সনাতন হিন্দু ধর্মালম্বিদের শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মিপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়িদের সিদ্ধান্তে আখাউড়া স্থলবন্দরে সাতদিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। এসময় বন্দরে আমদানি-রপ্তনিসহ সবধরনের বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। তবে বন্দরের ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার ছিল স্বাভাবিক।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, সকালে মাছ রপ্তানির মধ্যদিয়ে বন্দরে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। এরপর এক এক করে অন্যান্য পণ্য ভারতে প্রবেশ করে।
উল্লেখ্য দেশের দ্বিতীয় বৃহত্তর রপ্তানি মুখী বন্দর আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারতের ত্রিপুরা রাজ্যসহ সাতটি পাহাড়ি রাজ্যে দেড় লাখ মার্কিন ডলার সমপরিমানের বরফায়ীত মাছ, শুটকি, সিমেন্ট, পাথর, প্লাস্টিক সামগ্রী ও ভোজ্যতেলসহ প্রায় অর্ধশতাধিক পন্য রপ্তানি হয়।