আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪ ২১:৪৩ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪ ২১:৪৯ পিএম
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলির ঘটনায় আশিকুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন।
তিনি বলেন, ‘আশুলিয়ার শিল্পকারখানায় যে অসন্তোষ চলছে, তারই ধারাবাহিকতায় গত বুধবার দি রোজ ড্রেসেস কারখানার সামনে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলি চালায়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেশীয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে পুলিশ। পরে ঘটনায় জড়িত আশিক নামে একজনকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। তার ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে কাজ চলছে।’
ওসি জালাল উদ্দীন আরও বলেন, ‘গ্রেপ্তার আশিকুরের সঙ্গে আর কারা জড়িত এবং আগ্নেয়াস্ত্র কারা ব্যবহার করেছে, তাদের তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’